ধলেশ্বরীতে পিকনিকের ট্রলার ডুবে নিহত ১, নিখোঁজ ২

আপডেট : ২৪ জুলাই ২০২৪, ১৭:০২

মানিকগঞ্জে ধলেশ্বরী নদীতে বাল্কহেডের ধাক্কায় পিকনিক থেকে ফেরার পথে একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় মিলন হোসেন (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। নিখোঁজ রয়েছে আরও দুইজন। 

মঙ্গলবার (২৩ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ধলেশ্বরী নদীতে এ ঘটনা ঘটে। ঘিওর থানার ওসি সুকুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, মঙ্গলবার সাটুরিয়ার গোলড়া কামতা এলাকার ৫৬ জন স্থানীয় বাসিন্দা নদীতে পিকনিক করতে যায়। ফেরার পথে রাতে ঘিওর উপজেলার কুসুন্ডা এলাকার ধলেশ্বরী নদীতে তাদের ট্রলারের সঙ্গে একটি বালুবাহী বাল্কহেডের ধাক্কা লাগে। এতে যাত্রীবাহী ওই ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা ৫৩ জন সাঁতরে নদীর তীর উঠতে সক্ষম হলেও নিখোঁজ থাকেন তিনজন। ফায়ার সার্ভিস মিলন হোসেন নামের একজনের মরদেহ উদ্ধার করেছে। তবে বাকি দুজন এখনও নিখোঁজ রয়েছে।

আরিচা স্থলকাম নদী বন্দর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর নাদিম মাহমুদ গণমাধ্যমকে জানান, ডুবে যাওয়া ট্রলারটি শনাক্ত করতে পারলেও নদীতে তীব্র স্রোতের কারণে ট্রলারটি উদ্ধার বা নিখোঁজ দুইজনের সন্ধান এখনো পাওয়া যায়নি। 

 

ইত্তেফাক/এসএ