ভারতীয় ক্রিকেটে নতুন অধ্যায় শুরু হলো দেশটির সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীরের। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর দেশটির সাবেক হেড কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে চুক্তি শেষ হয় বিসিসিআইয়ের। এরই মধ্যে ভারতীয় দলের দায়িত্ব নিয়ে নিজের মতো করে দল গোছাতে শুরু করেছেন গম্ভীর। তবে ভারতের মতো একটা ক্রিকেটপ্রেমী দেশে যে জাতীয় দলের দায়িত্ব পালন করা যে মোটেও সহজ নয়, সেটা মোটামুটি সবারই জানা।
যার কারণে আগে থেকে নয়া কোচকে টিকে থাকার পরামর্শ দিলেন দেশটির সাবেক হেড কোচ ও বর্তমানে বিশ্বের জনপ্রিয় ধারাভাষ্যকার রবি শাস্ত্রী। তার মতে গম্ভীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হবে খেলোয়াড়দের বোঝা। সেইসঙ্গে তিনি আরও বলেছেন, গম্ভীরের হেড কোচ হওয়ার মতো সামর্থ্য ও অভিজ্ঞতা রয়েছে।
সম্প্রতি আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের নতুন কোচ গৌতম গম্ভীরকে নিয়ে শাস্ত্রী বলেন, 'তিনি সমসাময়িক, আইপিএলে দুর্দান্ত মৌসুম কাটিয়েছেন। আমি মনে করি সে এখনো তরুণ। সে নতুন ধারণা নিয়ে আসবে। সে বেশির ভাগ খেলোয়াড়কে জানে, বিশেষ করে সাদা বলের ফরম্যাটে। সেইসঙ্গে তিনি আইপিএলে দলের অংশ ছিলেন, তাই আমি মনে করি এটি তার কাজকে আরও সহজ করে তুলবে।'
