কাল ঢাকা পৌঁছবে শাফিন আহমেদের মরদেহ

আপডেট : ২৮ জুলাই ২০২৪, ১৫:৫৬

যুক্তরাষ্ট্রে ভার্জিনিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টার দিকে মারা যান জনপ্রিয় সংগীতশিল্পী ও ব্যান্ড তারকা শাফিন আহমেদ। ২৯ জুলাই বিকালে শিল্পীর মরদেহ ঢাকায় এসে পৌঁছাবে।

শনিবার বিকেলে শাফিন আহমেদের বড় ভাই হামিন আহমেদ গণমাধ্যমে জানান,শাফিনের মরদেহ বহনকারী উড়োজাহাজ ২৯ জুলাই বিকাল সাড়ে পাঁচটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। 

তিনি আরও জানান, ৩০ জুলাই দুপুরে গুলশান আজাদ মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বনানী কবরস্থানে বাবার কবরে সমাহিত করা হবে শাফিনকে।

এর আগে শাফিন আহমেদ অসুস্থ হওয়ার পরই তার স্ত্রী যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়েন। 

বাংলাদেশের সংগীত অঙ্গনের দুই মহারথী সংগীত শিল্পী ফিরোজা বেগম এবং সুরকার কমল দাশগুপ্তের ছেলে শাফিন নিজে ছিলেন বেইজ গিটারিস্ট, সুরকার এবং গায়ক। ১৯৬১ সালের ১৪ ফেব্রুয়ারি তার জন্ম। বড় ভাই হামিন আহমেদসহ ইংল্যান্ডে পড়তে গিয়ে পশ্চিমের সংগীতের সঙ্গে সখ্য হয় শাফিনের। শুরু হয় তার ব্যান্ড সংগীতের যাত্রা।

ফরিদ রশিদের হাত ধরে ১৯৭৯ সালে তারা গড়ে তোলেন ব্যান্ড দল ‘মাইলস’। প্রথম কয়েক বছর তারা বিভিন্ন পাঁচতারা হোটেলে ইংরেজি গান গাইতেন। এরমধ্যেই প্রকাশিত হয় দু’টি ইংরেজি গানের অ্যালবাম ‘মাইলস’ ও ‘এ স্টেপ ফারদার’। পরে মাইলসের বাংলা গানের প্রথম অ্যালবাম ‘প্রতিশ্রুতি’ বের হয় ১৯৯১ সালে।

ইত্তেফাক/পিএস