সিলেটে কারফিউ শিথিলের মেয়াদ বাড়লেও ব্যবসার মন্দা কাটছে না

২৮ মামলায় আসামি ২০ হাজার, আটক ২৫০

আপডেট : ২৯ জুলাই ২০২৪, ০৩:০০

সিলেটে গত শুক্র ও শনিবার ১২ ঘণ্টা কারফিউ শিথিল করা হয়। রবিবার তা বাড়িয়ে ১৫ ঘণ্টা করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক শেখ রাসেল হাসান। তিনি জানান, সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। চলতি সপ্তাহের রবি থেকে মঙ্গলবার পর্যন্ত সরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত। তবে কারফিউ শিথিলের মেয়াদ বাড়লেও সিলেটে ব্যবসা-বাণিজ্যে মন্দা কাটছে না। জনজীবনে পুরোপুরি স্বস্তি ফিরে আসেনি। লোকজন ভয়ে ভয়ে চলাচল করছে। দোকানপাট খুললেও ক্রেতার উপস্থিতি খুবই কম। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। সিলেটের বাজারে প্রতিটি নিত্যপণ্যের দাম বেড়েছে। পর্যটনের ভরা মৌসুমে এই খাত এখন লোকসানের মুখে।

তীব্র গরম ও লোডশেডিং তীব্র তাপপ্রবাহ চলছে সিলেটে। তার ওপর রয়েছে বিদ্যুতের লোডশেডিং। ফলে ভ্যাপসা গরমে নিদারুণ কষ্টে রয়েছেন সিলেটের বাসিন্দারা। বিদ্যুৎ বিভাগ বলছে, বিদ্যুতের চাহিদার তুলনায় সিলেটে অর্ধেক সরবরাহও পাওয়া যাচ্ছে না। ফলে লোডশেডিং করতে হচ্ছে। তাপমাত্রা বেড়ে যাওয়ায় বিদ্যুতের চাহিদা বেড়েছে কয়েক গুণ। সিলেটে তাপপ্রবাহ আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে সোমবার থেকে সিলেটসহ দেশের কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ সজীব হোসাইন জানান, শনিবার সিলেটে সর্বোচ্চ ৩৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। রবিবার তাপমাত্রা আরও কিছুটা বেড়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি সিলেট বিভাগীয় প্রধান প্রকৌশলী আব্দুল কাদির জানান, শনিবার দিনে সিলেট বিভাগে পিডিবির চাহিদার অর্ধেক বিদ্যুৎ মিলেছে। গরমে প্রতিদিনই বিদ্যুতের চাহিদা বাড়ছে। সেই হারে উৎপাদন না বাড়ায় লোডশেডিং আরও বাড়তে পারে। কয়েক জন গ্রাহক জানান, অতিমাত্রায় লোডশেডিংয়ে বাচ্চাদের নিয়ে খুবই কষ্টে আছেন তারা।

দফায় দফায় বন্যা ও সংঘাত-সংঘর্ষে ব্যবসা-বাণিজ্যে ধস

নগরীর জিন্দাবাজার এলাকার ব্যবসায়ী আব্দুর রহমান বলেন, দফায় দফায় বন্যার ক্ষত শুকাতে না শুকাতেই কোটা আন্দোলন ঘিরে সংঘাত-সংঘর্ষ ও কারফিউর কারণে ব্যবসা-বাণিজ্যে ধস নেমেছে। কারফিউ যদিও শিথিল করে এখন সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত করা হয়েছে, তার পরও ব্যবসায়ীরা মাথা তুলে দাঁড়াতে পারছেন না।

সিলেট বিভাগে ২৮ মামলায় আসামি ২০ হাজার, আটক ২৫০

কোটা আন্দোলন নিয়ে সংঘর্ষের ঘটনায় শনিবার পর্যন্ত সিলেট বিভাগে পুলিশের ২৯ মামলায় ২৫০ জনকে আটক করা হয়। গ্রেফতারকৃতদের অধিকাংশই বিএনপি ও জামায়াতের নেতাকর্মী। আটককৃতদের মধ্যে শিক্ষার্থী ও সাধারণ মানুষও রয়েছেন। গ্রেফতার এড়াতে ঘর ছেড়েছেন বিএনপি-জামায়াতের অনেক নেতাকর্মী।

সিলেট মহানগরে ১২ মামলা, গ্রেফতার ১৩৯

সিলেট নগরীর পাশাপাশি সিলেট জেলার বিভিন্ন উপজেলা, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার সব উপজেলায় চলছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিযান। সিলেট মহানগর এলাকায় গ্রেফতারের সংখ্যা ১৩৯ বলে পুলিশ জানায়। প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে একাধিক সূত্রের দাবি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কোটা সংস্কার আন্দোলন নিয়ে সাম্প্রতিক সংঘর্ষের ঘটনায় সিলেট মহানগর এলাকায় ১০টি ও জেলায় দুটি মামলা দায়ের করেছে পুলিশ। কুমারগাঁও বিদ্যুৎ অফিসে  হামলার ঘটনায় বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে জালালাবাদ থানায় একটি মামলা দায়ের করা হয়। এসব মামলায় ১৬ হাজার জনকে আসামি করা হয়, গ্রেফতার করা হয় ১৩৯ জনকে।

ইত্তেফাক/এমএএম