শারীরিক প্রতিবন্ধী জসিম বেঁচে থাকতে কেবল একটি দোকান চান

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৮, ১৭:২১

চট্টগ্রামের ফিরিঙ্গীবাজার দোভাষ গলির স্থানীয় বাসিন্দা জসিম। শারীরিক প্রতিবন্ধী জসিমের মা, বাবা কেউ বেঁচে নেই। থাকেন ভাইয়ের আশ্রয়ে।

জসিম কারো ওপর নির্ভরশীল হয়ে বেঁচে থাকার জীবন চান না। তিনি নিজে উপার্জন করে নিজের জীবন যাপন করতে চান। তার ইচ্ছা ছোট্ট পরিসরে ব্যবসা করা।

আজ বিশ্ব প্রতিবন্ধী দিবস। এই দিনটিকে সামনে রেখে জসিম চট্টগ্রাম সিটি মেয়রের কাছে অাবেদন জানিয়েছেন একটি ছোট দোকান করে দেওয়ার জন্য।

তার আবেদনটি এখানে হুবহু তুলে দেওয়া হলো:

বরাবর,
মাননীয় মেয়র,
আ জ ম নাছির উদ্দীন
চট্রগ্রাম সিটি কর্পোরেশন।

জনাব,
বিনীত অনুরোধ এই যে, আমি ৩৩নং ওয়ার্ড ফিরিঙ্গীবাজার দোভাষ গলির স্থানীয় বাসিন্দা। মা বাবা কেউ বেঁচে নেই আমার। বর্তমানে বড় ভাইয়ের সংসারে এবং সমাজের বোঝা হয়ে দিন যাপন করছি। আমি কারো থেকে করুণা চাই না, চাই শুধু একটু সহযোগিতা, যেনো ডাল ভাত খেয়ে সম্মান নিয়ে বেঁচে থাকতে পারি।

মাননীয় মেয়র মহোদয়, আমার এই প্রতিবন্ধকতার বিষয় বিবেচনাপূর্বক সিটি কর্পোরেশনের অধীনে ছোট একটা পাকা দোকানের ব্যবস্থা করে দেওয়ার জন্য আপনার কাছে সবিনয়ে অনুরোধ করছি। আপনার এই সহযোগিতা পেলে আমার এই পঙ্গু জীবন সুন্দর করে সাজাতে পারব ইনশাআল্লাহ। হুইলচেয়ার ব্যবহারকারী শারীরিক প্রতিবন্ধী মানুষের জীবন কত কষ্টের আশা করি আপনি বুঝতে পারবেন।

মাননীয় মেয়র মহোদয়,
অতএব উপরোক্ত বিষয়াদি এবং মানবিক দিক থেকে বিবেচনা করে আমাকে ছোট্ট একটা দোকান দিয়ে সাহায্য করার সবিনয় অনুরোধ রইল। আপনি জনগণের অভিবাবক। আশা করি আমাকে নিরাশ করবেন না।

বিনীত নিবেদক,
মুহাম্মদ জসিম
৩৩নং ওয়ার্ড ফিরিঙ্গীবাজার 
দোভাষ গলি।
মোবাইলঃ ০১৮১৫৯৫২৩৫৮

ইত্তেফাক/নূহু