অনেক শিক্ষার্থী ও অভিভাবক জানেন না যে, ঢাকা মেডিকেলে আসন কত, কয়টি অনুচ্ছেদ আছে, চাইলে বুয়েট ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে কি না ইত্যাদি। উচ্চশিক্ষায় ভর্তির জন্য অংশ নেয় প্রায় ১০ লক্ষ শিক্ষার্থী। কিন্তু সঠিক দিকনির্দেশনার অভাবে অনেক শিক্ষার্থী পিছিয়ে পড়ে। অথবা প্রথম থেকেই প্রস্তুতি নিতে পারে না। ফলে ভর্তি যুদ্ধে নিজেকে টিকিয়ে রাখতে ব্যর্থ হয়। অভিভাবকেরাও জানে না সন্তানদের উচ্চশিক্ষায় ভর্তি পদ্ধতি ও পড়াশোনার ব্যয় কত। ‘ক্যারিয়ার লাইন’ ম্যাগাজিন সম্পাদক নাহিদ হাসান এবার প্রকাশ করেছেন এমনই একটি ভর্তি সহায়ক নির্দেশিকা বিশ্ববিদ্যালয় তথ্য কণিকা। ইউজিসি ৪৪তম প্রতিবেদন, ২০১৮-১৯ শিক্ষাবর্যে ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, বিভিন্ন পত্রিকার প্রতিবেদন ও ইউনিভার্সিটি ওয়েব সাইটের তথ্যসূত্র থেকে আরাবী প্রকাশনী বইটি প্রকাশ করেছে। বইটি উচ্চমাধ্যমিকে অধ্যয়নরত এবং উচ্চশিক্ষায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য একটি গাইড লাইন হিসেবে কাজ করবে।
এ প্রসঙ্গে, নাহিদ হাসান বলেন, ‘উচ্চমাধ্যমিকে এ বছর সারাদেশে ১০ বোর্ডে প্রায় দুই হাজার পাঁচশ এক চল্লিশটি কেন্দ্রে মোট ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। ফলাফল প্রকাশের পর এখন চলছে ভর্তিযুদ্ধ। আমার এই বিশ্ববিদ্যালয় তথ্য কণিকার মাধ্যমে শিক্ষার্থীরা উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলো সম্পর্কে বিস্তারিত জানবে, স্বপ্ন দেখবে এবং পরিকল্পিত প্রস্তুতি নিয়ে উচ্চশিক্ষার সেরা প্রতিষ্ঠানে আসবে বলে প্রত্যাশা করছি।’
