কোটা আন্দোলন

বৃষ্টি উপেক্ষা করে পাবিপ্রবিতে শিক্ষার্থীদের গণমিছিল

আপডেট : ০২ আগস্ট ২০২৪, ১৭:৫১

দীর্ঘ দুই সপ্তাহ পর কোটা সংস্কার আন্দোলন নিয়ে কর্মসূচিতে ফিরেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) শিক্ষার্থীরা। 

শুক্রবার (২ আগস্ট) গণহত্যা, গণগ্রেপ্তার ও শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে এবং শিক্ষার্থীদের ৯ দফা আদায়ের লক্ষ্যে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গণমিছিল করেছেন শিক্ষার্থীরা।

এ সময় বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মাহতাব টাওয়ারের সামনে থেকে গণমিছিল শুরু করে। পরে পুলিশ পাহারায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক প্রদক্ষিণ করে ক্যালিকো কটন মিল ঘুরে মিছিলটি পুনরায় বিশ্ববিদ্যালয়ের সামনে এসে শেষ হয়। এরপর শিক্ষার্থীরা কিছুক্ষণ ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় তারা ছাত্র হত্যা নিয়ে বিভিন্ন স্লোগান দেন।  

বিক্ষোভ সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবদুল্লাহ রায়হান বলেন, আমাদের মত পুলিশেরও সন্তান আছে, ভাই আছে, বোন আছে। আমরা তাদের অনুরোধ করবো আমাদের মত নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর গুলি চালাবেন না। আমরা আমাদের ভাইদের হত্যার বিচার চাইতে রাজপথে নেমে এসেছি, আপনার আমাদের সহযোগিতা করুন।

এ সময় তিনি আরও বলেন, আমরা সরকারকে স্পষ্ট করে বলে দিতে চাই সারা বাংলাদেশে যে হত্যাকাণ্ড চলেছে আমরা তার সুষ্ঠু তদন্ত চাচ্ছি। একই সঙ্গে যে ৯ দফা দাবি ছাত্র সমাজের পক্ষ থেকে দেওয়া হয়েছে সেগুলো মেনে নিতে হবে। দাবি মেনে না নেওয়া হলে সারাদেশে ছাত্র সমাজ আরও দুর্বার আন্দোলন গড়ে তুলবে।

ইত্তেফাক/এসএ