চরফ্যাশনে ট্রলারডুবিতে নিখোঁজ ৮ জেলে, উদ্ধার ৫ 

আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ১১:২৩

ভোলার চরফ্যাশন সাগরের মোহনায় ঢালচরের শিবচর এলাকায় মাছ ধরতে গিয়ে লঘুচাপের প্রভাবে সাগরের উত্তাল ঢেউয়ের তোড়ে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এতে ট্রলারে থাকা ৫ জনকে উদ্ধার করা গেলেও নিখোঁজ ৮ জেলের এখনও সন্ধান পাওয়া যায়নি।
 
বিষয়টি নিশ্চিত করেছেন চরফ্যাশন উপজেলার সিনিয়র মৎস কর্মকর্তা মারুফ হোসেন মিনার।

তিনি ইত্তেফাককে জানান, গত এক সপ্তাহ আগে বৈরি আবহাওয়ার মধ্যে চরফ্যাশন উপজেলার আহম্মদপুর ইউনিয়নের শুকনা খালি মৎস ঘাট থেকে দুলাল চৌকিদার এর একটি ধরা জালের ট্রলার করে ১৩ জেলে মাছ ধরতে যায় সাগরের মোহনায়। শুক্রবার (১ আগস্ট) রাতে মাছ ধরে ফিরে আসার সময় সাগরে ঢেউয়ের আঘাতে ট্রলারটি উল্টে যায়। এতে ট্রলারে থাকা ১৩ জেলে ও মাঝি নদীতে পড়ে যান। পরে রাতেই অন্য আরেকটি মাছ ধরার ট্রলার ৫ জেলেকে উদ্ধার করে। বাকি ৮ জেলে এখনও নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ জেলেরা হলেন- নুর আলম ( ৩০), কবির (৩২), শাহে আলম মোল্লা (৫০), মো. বেল্লাল (৫০), ছাদেক মাল (৬০), সবুজ (৪০), মো. হোসেন মাঝি (৫০), জাহাঙ্গীর মিস্ত্রি (৪৫)।

উদ্ধার হওয়া জেলেরা হলেন- দুলাল মাঝি (৪০), নাজিম (৪৪), সুমন (৩৮), শাহিন (২৫), মনির (৩৩)।

আহম্মদপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আব্দুল মান্নান বলেন, শুক্রবার ধরাজালের একটি ট্রলার নিয়ে সাগরমোহনার শিবচর এলাকার ১৩ জন জেলে মাছ ধরতে যান। ওই রাতেই প্রবল টেউয়ের আঘাতে ট্রলারটি ডুবে যায়। ৫ জেলেকে উদ্ধার করা হলেও এখনও আট জেলে নিখোঁজ রয়েছেন। উদ্ধার হওয়া পাঁচ জেলে রাতেই তাদের নিজ নিজ বাড়িতে চলে যায়। আর নিখোঁজ জেলেদের পরিবারের মধ্যে চলছে চরম উৎকণ্ঠা। তারা তাদের পরিবারের সদস্যদের জীবিত ফিরিয়ে দেওয়ার দাবি জানান।

চরফ্যাশন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানান, নিখোঁজ জেলেদের উদ্ধারে কোস্ট গার্ড কর্মকর্তাদের জানানো হয়েছে। এছাড়া স্থানীয় মৎস ব্যবসায়ীরাও নিজস্ব উপায়ে নিখোঁজ জেলেদের খুজঁতে বের হয়েছে। 

ইত্তেফাক/এসজেড