শহীদ মিনারে এত লক্ষ মানুষ কখনো দেখিনি: শিরোনামহীন

আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ১৭:৩৩

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সহিংসতায় নিহত, গণগ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে কর্মসূচির ডাক দিয়েছেন দেশের সংগীতশিল্পীরা। শনিবার (৩ আগস্ট) বিকেল ৩ টায় ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ‘গেট আপ, স্ট্যান্ড আপ’ এর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। সেখান থেকে জড়ো হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে যাত্রা শুরু করে ইতোমধ্যে পৌঁছেন তারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের পক্ষে এবার মাঠে নেমেছে সংগীতশিল্পীরা। শনিবার (৩ আগস্ট) বিকেল ৩টার পর সংগীতশিল্পী ও সংগীত অনুরাগীরা রবীন্দ্র সরোবরে জড়ো হতে থাকেন। এরপর তারা র‍্যালি করে শহীদ মিনারের উদ্দেশে যাত্রা করেন। এ সময় উপস্থিত ছিল দেশের জনপ্রিয় ব্যান্ডদল শিরোনামহীনের সদস্যরা।

ফেসবুক পোস্টে তাদের উপস্থিতির চিত্র তুলে ধরে ছাত্রদের সঙ্গে সংহতি প্রকাশ করে ব্যান্ডদলটি। তাদের পেজ থেকে প্রকাশিত কয়েকটি ভিডিওতে দেখা যায়, প্ল্যাকার্ড হাতে বহু মানুষ দলে দলে জড়ো হয়েছেন।

ক্যাপশনে শিরোনামহীন লেখে, ‘চলে এসেছি শহীদ মিনারে। এত লক্ষ মানুষ কখনো দেখিনি এখানে। শিক্ষার্থীদের গায়ে যেন আর একটা গুলি না চলে।’

‘গেটআপ, স্ট্যান্ডআপ’ কর্মসূচিতে যোগ দিতে দেখা গেছে পার্থ বড়ুয়া, প্রিন্স মাহমুদ, হামিন আহমেদ, সাকিব চৌধুরীসহ অনেক স্বনামধন্য সংগীতশিল্পীদের।

ইত্তেফাক/পিএস