বিশ্বব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ক্রিস্টালিনা জর্জিভা দুই দিনের সফরে আজ ঢাকায় আসছেন। বিশ্বব্যাংকের ঢাকা অফিসের এক প্রেস বার্তায় জানানো হয়েছে, এটা তার প্রথম বাংলাদেশ সফর। আজ ঢাকায় অনুষ্ঠিতব্য গ্লোবাল কমিশন অন অ্যাডাপটেশনের (জিসিএ) তৃতীয় নির্বাহী বৈঠকে যোগ দেবেন তিনি। সফরকালে তিনি প্রধানমন্ত্রী, সরকারি উচ্চপর্যায়ের কর্মকর্তাসহ নাগরিক প্রতিনিধিদের সঙ্গে দেখা করবেন।
এছাড়া বিশ্বব্যাংকের সহায়তায় পরিচালিত একটি উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন তিনি। সফরের বিষয়ে এক বার্তায় জর্জিভা উল্লেখ করেন, ‘বাংলাদেশকে গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী হিসেবে পেয়ে বিশ্বব্যাংক গর্বিত। আমরা বাংলাদেশের উন্নয়নের গতিকে ত্বরান্বিত করার উল্লেখযোগ্য প্রচেষ্টায় সাহায্য করব’।
তিনি বলেন, ‘ঝুঁকিতে থাকা দেশেগুলোর মধ্যে অন্যতম হওয়া সত্ত্বেও বাংলাদেশ বিশ্বকে দেখিয়েছে, অভিযোজন ও দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি কীভাবে নেওয়া যায়। আমি বাংলাদেশের সফল উন্নয়ন উদ্ভাবনগুলো এবং তা কীভাবে অন্যান্য জায়গায় প্রয়োগ করা যায় তা আরো গভীরভাবে জানতে চাই। এই সফরে জর্জিভার সঙ্গে রয়েছেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট হার্টউইগ শেফার।
