উইম্বলডনের রেকর্ড শিরোপাজয়ী রজার ফেদেরার গত সোমবার রাতে গ্র্যান্ড স্ল্যামটির শেষ ষোলোয় মাতেও বেরেত্তিনিকে সরাসরি সেটে হারিয়ে শততম জয়ের দ্বারপ্রান্তে চলে এসেছেন। আজ বুধবার শেষ আটের খেলায় জাপানি প্রতিপক্ষ কেই নিশিকোরিকে হারালেই প্রথম খেলোয়াড় হিসেবে এক গ্র্যান্ড স্ল্যামে জয়ের সেঞ্চুরির কীর্তি গড়বেন ফেদেরার।
একই সময়ে র্যাংকিংয়ের শীর্ষ দুই খেলোয়াড় নোভাক জকোভিচ এবং রাফায়েল নাদালও দারুণ প্রতাপে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন।
ফেদেরার অবশ্য উইম্বলডন ক্যারিয়ারের ৯৯তম জয়ের দিনে শুরুটা মোটেও নিজের মতো করতে পারেননি। বেরেত্তিনির শুরুর সার্ভ ফেরাতে ব্যর্থ হয়েছিলেন তিনি। এরপর অবশ্য প্রতিপক্ষকে কোনো সুযোগই দেননি ফেদেরার। পুরো ম্যাচে মোটে পাঁচটা ‘আনফোর্সড এরর’ করা সুইস তারকা ম্যাচটা জেতেন এক ঘণ্টা ১৩ মিনিটের ব্যবধানে, ৬-১, ৬-২, ৬-২ গেমে।
সুইসটি আজ সন্ধ্যায় শেষ আটের লড়াইয়ে নিশিকোরির বিপক্ষে লড়বেন। এ খেলায় জিতলেই প্রথম খেলোয়াড় হিসেবে এক গ্র্যান্ড স্ল্যামে শততম জয় পেয়ে যাবেন ফেদেরার। একই মাইলফলক অবশ্য বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনেও ছিলো তার সামনে। বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামটিতে ৯৩ জয় নিয়ে শুরু করা ফেদেরার শেষ ষোলোয় স্টেফানোস সিটসিপাসের কাছে হারলে ৯৭ জয়ে আটকে থেকে অস্ট্রেলিয়ান ওপেন শেষ করেন।
নিশিকোরির মুখোমুখি হওয়ার আগে তাই বেশ সতর্ক ফেডেক্স। তিনি বলেন, ‘আমি মনে করি, এটা কঠিনই হতে যাচ্ছে। কোয়ার্টারে সে দারুণ শক্তি নিয়েই আসছে। আমার মনে আছে, কয়েকটা গ্র্যান্ড স্ল্যামের শেষ অংশে সে দারুণ কঠিন প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছিল। এখন পর্যন্ত বেশ সহজই ছিল তার যাত্রা। আমার মনে হয় সে তৈরি। তার খেলার বড় ভক্ত আমি। আমার মতে ব্যাকহ্যান্ডে সাম্প্রতিক সময়ে সেরা খেলোয়াড়দের একজন সে। মানসিকভাবেও সে দারুণ শক্তপোক্ত। আমার সবসময়ই মনে হয় সে খুবই প্রতিভাবান।’
নাদাল-জকোভিচরাও পিছিয়ে ছিলেন না ফেদেরারের দিনে। চলতি আসরে উইম্বলডনের ৫০তম জয়টি তুলে নেয়া নাদাল তার পর্তুগিজ প্রতিপক্ষ হোয়াও সোসাকে হারান ৬-২, ৬-২, ৬-২ গেমে। শেষ আটে আজ স্যাম কুয়েরের মুখোমুখি হবেন। জকোভিচ তার জয়টি পেয়েছেন উগো হুম্বার্তের বিপক্ষে ৬-৩, ৬-২, ৬-৩ গেমে। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে প্রতিপক্ষ হিসেবে বেলজিয়ান খেলোয়াড় ডেভিড গফিনকে পেয়েছেন তিনি।
