পালানোর সময় আটক হলেন রাসিকের হিসাবরক্ষক 

আপডেট : ০৭ আগস্ট ২০২৪, ১৫:৪৫

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) হিসাবরক্ষক নিজামুল হুদা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময়ে বিজিবির কাছে আটক হয়েছেন।

মঙ্গলবার (৬ আগস্ট) চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ইমিগ্রেশন দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে নগদ ৩ লাখ ৩১ হাজার টাকা উদ্ধার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, আটক নিজামুল হুদার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে। আটকের পর তাকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। 

এর আগে সোমবার (৫ আগস্ট) দুপুরে শেখ হাসিনার পদত্যাগের খবর পাওয়ার পরই রাজশাহী সিটি করপোরেশনসহ সরকারি স্থাপনা এবং আওয়ামী লীগ কার্যালয়ে ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। 

ইত্তেফাক/এসএ