লালমনিরহাটে ট্রাফিকের দায়িত্বে শিক্ষার্থী ও আনসার সদস্যরা

আপডেট : ০৭ আগস্ট ২০২৪, ১৭:৫০

আওয়ামী লীগ সরকারের পতনের পর ভেঙে পড়েছে পুলিশের চেইন অব কমান্ড। আতঙ্কে কর্মক্ষেত্রে যাচ্ছেন না পুলিশ সদস্যরা। এমন অবস্থায় লালমনিরহাটের বিভিন্ন সড়কে আনসার সদস্যদের সঙ্গে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন শিক্ষার্থীরা। 

বুধবার (৭ আগস্ট) জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় ট্রাফিক পুলিশের ভূমিকায় সড়কে কাজ করছেন সাধারণ শিক্ষার্থীরা। দুইজন আনসার সদস্যের সঙ্গে আট-দশজন শিক্ষার্থী গ্রুপ করে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন। জেলার মিশনমোড়, গোশালাবাজার, বিডিআর গেটসহ বিভিন্ন জায়গায় ট্রাফিক পুলিশের ভূমিকায় দেখা যায় শিক্ষার্থীদের। একই সঙ্গে জেলার বিভিন্ন জায়গায় পরিচ্ছন্নতার কাজ করতে দেখা গেছে শিক্ষার্থীদের। 

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, সড়কে ট্রাফিক পুলিশ না থাকায় মোড়ে মোড়ে যানজট ও বিশৃঙ্খলা হচ্ছে। তাই আনসার সদস্যদের সঙ্গে  ট্রাফিক পুলিশের দায়িত্ব পালনে তারা রাস্তায় নেমেছেন।

লালমনিরহাট সরকারি কলেজের শিক্ষার্থী মশিউর রহমান জানান, রাস্তায় ট্রাফিক পুলিশ নেউ। সড়কে বিশৃঙ্খলা তৈরি হচ্ছিল। তাই আমরা ট্রাফিক পুলিশের ভূমিকা পালন করছি। সকাল থেকেই এখানে দায়িত্ব পালন করছি। 

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরিফ হোসেন জানান, আমরা সাধারণ ছাত্ররা সড়ক পরিষ্কার ও যানজট নিরসনে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করে যাচ্ছি।  শিক্ষার্থীরা ট্রাফিকের দায়িত্ব নেওয়ায় খুশি সাধারণ মানুষ। 

অটোচালক মজিদুল জানান, ট্রাফিক পুলিশ না থাকায় সড়কে যানজট লাগতে পারে। এজন্য শিক্ষার্থীরা ভূমিকা পালন করছে। সবাই নিয়ম মেনে চলাফেরা করছে।

এ ব্যাপারে লালমনিরহাটের আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো. মনিরুজ্জামান জানান, জেলার ট্রাফিক ব্যবস্থা সচল রাখতে ২০টি পয়েন্টে ১০০ জন আনসার সদস্যরা দায়িত্ব পালন করছে। 

ইত্তেফাক/এসএ