বানারীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের সমস্যা

আপডেট : ০৯ জুলাই ২০১৯, ২১:৪৭

চিকিত্সক থাকেন না, সরকারি ওষুধ থাকে না, চিকিত্সকরা রোগীদের ক্লিনিকে যেতে উদ্বুদ্ধ করেন, প্রয়োজন না থাকলেও পরীক্ষা-নিরীক্ষা করতে দেন, নার্সরা রোগীদের সঙ্গে দুর্ব্যবহার করেন, নোংরা-আর্বজনার ছড়াছড়ি—এমন অসংখ্য সমস্যায় জর্জরিত ৫০ শয্যাবিশিষ্ট বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। একাধিক চিকিত্সকের পদ শূন্য রয়েছে। আবার যাঁরা আছেন তাঁরা প্রায় সবাই অন্যত্র থাকেন। যে কারণে প্রয়োজনের সময় চিকিত্সা পাওয়া যায় না। ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল হলেও পর্যাপ্ত জনবল নেই। গাইনি বিশেষজ্ঞ নেই। ফলে রোগীদের বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজে যেতে হয়। যা ব্যয়বহুল ও সময়সাপেক্ষ ব্যাপার। এক্সরেসহ পরীক্ষা-নিরীক্ষার আধুনিক যন্ত্রপাতি নেই। হাসপাতালের কাছেই গড়ে উঠেছে ক্লিনিক। অভিযোগ আছে,  রোগীদের ক্লিনিকে যেতে বাধ্য করা হয়। দীর্ঘদিন ধরে এসব অনিয়ম বিদ্যমান। এদিকে উপজেলার আটটি ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের প্রায় সবক’টিতে চিকিত্সকের পদ শূন্য। উপজেলার চাখারে ১০ শয্যাবিশিষ্ট হাসপাতালেও চিকিত্সক নেই। হাসপাতালের অনিয়ম, অব্যবস্থাপনার কথা স্থানীয় জনপ্রতিনিধিরা জানেন। কিন্তু উন্নতির কোনো লক্ষণ নেই। তাই সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন এই যে, চিকিত্সকের শূন্য পদ পূরণ ও উল্লিখিত সমস্যাগুলোর সমাধান করে জনগণের সুচিকিত্সাপ্রাপ্তি নিশ্চিত করা হোক।

মুহাম্মদ শফিকুর রহমান, বানারীপাড়া, বরিশাল ৮৫৩০