ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৮, ১৮:১৮

রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রী এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে নাছির হোসেন (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। 

সোমবার দুপুর সাড়ে ১২টায় দক্ষিণ বনশ্রীর জি ব্লকে এ দুর্ঘটনা ঘটে। তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে রাখা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত নাছিরের সহকর্মী মো. হোসেন জানান, ফারাজি হাসপাতালের সামনে বৈদ্যুতিক খুঁটিতে ইন্টারনেটের সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন নাছির। পরে তাতে দ্রুত উদ্ধার করে প্রথমে ফরাজি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে বেলা দেড়টার দিকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা গেছে, মৃত নাছির টাঙ্গাইলের ঘাটাইল থানার উওর খিলগাতি গ্রামের মো. হোসেন আলীর ছেলে। দক্ষিণ বনশ্রী এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তিনি অন্তরঙ্গ ডট কম নামক একটি প্রতিষ্ঠানে ফাইবার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

ইত্তেফাক/এমআই