ভারী বৃষ্টিতে রোহিঙ্গা ক্যাম্পে সাড়ে তিন হাজার ঘর ক্ষতিগ্রস্ত

আপডেট : ০৯ জুলাই ২০১৯, ২২:০৪

কক্সবাজারের উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে পাঁচ দিনের ভারী বর্ষণ ও ঝড়ো হাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৩ হাজার ৪০০ ঘরবাড়ি। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৩ হাজার রোহিঙ্গা। এ সময় পৃথক কারণে প্রাণ হারিয়েছে শিশুসহ দুই রোহিঙ্গা। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

নিহতরা হলো—উখিয়া হাকিমপাড়া ক্যাম্পের মোহাম্মদ হামিম (৮) ও মধুরছড়া ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ ইব্রাহীম (৭)।

আইওএমর ন্যাশনাল কমিউনিকেশন অফিসার তারেক মাহমুদ জানিয়েছন, পাঁচ দিনে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে মারা গেছে দুজন। আশ্রয়স্থল হারিয়েছে ২ হাজার ৭০০ জনেরও বেশি রোহিঙ্গা এবং ৩ হাজার ৪০০রও বেশি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। আইওএমর মুখপাত্র জর্জ ম্যাকলয়েড বলেছেন, বর্ষাকালের মাত্র অর্ধেক সময় পার হয়েছে। কিন্তু এরই মধ্যে গত ৭২ ঘণ্টায় আমরা ২ হাজার মানুষকে সহায়তা করেছি। গত ৩ থেকে ৫ জুলাই এ তিন দিনে কুতুপালং ও আশপাশের রোহিঙ্গা ক্যাম্পে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৫১০ মিলিমিটার। চলমান সময়ের বড়ো ক্যাম্প ‘ক্যাম্প-১৬’তে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৫৩০ মিলিমিটার।

গত ২ থেকে ৬ জুলাই পর্যন্ত আইওএমর প্রাথমিক ক্ষয়ক্ষতির হিসাব মতে, ভূমিধসে ক্ষতিগ্রস্ত বাড়ি ১ হাজার ১৮৬টি, পানির তোড়ে ক্ষতিগ্রস্ত বাড়ি ২১৬টি, ঝড়ো হাওয়ায় ক্ষতিগ্রস্ত বাড়ি ১ হাজার ৮৪০টি, অন্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ১৫ হাজার ৫৩৪ জন। ভূমিধস হয়েছে ৩৯১টি, ঝড়ো হাওয়া বয়ে গেছে ৫১ বার।