মাদারীপুর সদর হাসপাতাল

চিকিত্সক-কর্মচারী সংকটে চিকিত্সাসেবা ব্যাহত

আপডেট : ০৯ জুলাই ২০১৯, ২২:০৮

মাদারীপুর সদর হাসপাতালে বর্তমানে প্রয়োজনীয়সংখ্যক চিকিত্সক ও কর্মচারী নেই। ফলে জেলা সদরের একমাত্র সরকারি হাসপাতালটিতে চিকিত্সাসেবা ব্যাহত হচ্ছে। সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা শশাঙ্ক চন্দ্র ঘোষ জানান, বর্তমানে সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিত্সকসহ কর্মচারীর ৩৯টি পদ শূন্য রয়েছে। শূন্যপদগুলোর মধ্যে রয়েছে প্রথম শ্রেণির, দ্বিতীয় শ্রেণির ১৭টি, তৃতীয় শ্রেণির পাঁচটি এবং চতুর্থ শ্রেণির ১৩টি পদ। এছাড়া দীর্ঘদিন যাবত্ মেডিসিন বিভাগের সিনিয়র কনসালট্যান্ট, জুনিয়র কনসালটেন্ট চক্ষু, মেডিক্যাল কর্মকর্তা (শিশু) এবং ডেন্টাল সার্জনের একটি করে চারটি পদ শূন্য রয়েছে।

ঐ কর্মকর্তা আরো জানান, মাদারীপুর সদর হাসপাতালে প্রতিদিন গড়ে ৩৬০ জন রোগী আসে চিকিত্সা নিতে। আর ১০০ বেডের হাসপাতাল হলেও গড়ে ২০০ রোগী ভর্তি থাকে। যে কারণে চিকিত্সক ও কর্মচারীদের রোগীদের চিকিত্সা দিতে হিমশিম খেতে হচ্ছে। তিনি বলেন, জরুরি ভিত্তিতে বরাদ্দ পদে লোক নিয়োগ দরকার।