কুয়েট ভিসি ও প্রো-ভিসির পদত্যাগ

আপডেট : ১২ আগস্ট ২০২৪, ১৬:২১

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার ও উপ-উপাচার্য (প্রো-ভিসি) প্রফেসর ড. সোহান মিয়া পদত্যাগ করেছেন। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তারা পদত্যাগপত্র জমা দেন।

কুয়েটের জনসংযোগ তথ্য ও প্রকাশনা বিভাগের সহকারী পরিচালক মনোজ কুমার মজুমদার গণমাধ্যমকে জানিয়েছেন, ব্যক্তিগত কারণ দেখিয়ে সোমবার দুপুরে উপাচার্য ও উপ-উপাচার্য পদত্যাগ করেছেন।

প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার ২০২২ সালের ১ সেপ্টেম্বর কুয়েটের উপাচার্য হিসেবে যোগদান করেন। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেছেন, ব্যক্তিগত কারণে ভাইস-চ্যান্সেলর পদের দায়িত্ব থেকে আমি স্বেচ্ছায় পদত্যাগ করলাম। এই পদত্যাগের কারণে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম যাতে ব্যাহত না হয় সেই লক্ষ্যে এবং পূর্ণকালীন/ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগ না পাওয়া পর্যন্ত মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ ভাইস-চ্যান্সেলরের দায়িত্ব পালন করবেন।

অন্যদিকে উপ-উপাচার্য প্রফেসর ড. সোহান মিয়া তার পদত্যাগপত্রে উল্লেখ করেছেন, গত ২০২২ সালের ২২ নভেম্বর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর পদে যোগদান করি। এখন আমার শারীরিক অসুস্থতা এবং ব্যক্তিগত কারণে প্রো-ভাইস চ্যান্সেলর পদ থেকে অব্যাহতি চাচ্ছি।

এর আগে গতকাল রোববার সকাল ১১টায় উপাচার্য অধ্যাপক ড. মিহির রঞ্জন হালদার ও উপ-উপাচার্য অধ্যাপক ড. সোবহান মিয়ার পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন সাধারণ শিক্ষকরা।

ইত্তেফাক/জেডএইচডি