সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়

পদত্যাগ না করায় ভিসির কুশপুত্তলিকা দাহ, ভবনে তালা

আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ০৩:০৪

পদত্যাগের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম পার হলেও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি জামাল পদত্যাগ না করায় গতকাল সোমবার ক্যাম্পাসে বিক্ষুব্ধ ছাত্ররা তার কুশপুত্তলিকা দাহ করেছে। এর আগে রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েবের নেতৃত্বে ‘নিয়োগ-বাণিজ্য, স্বজনপ্রীতি ও দুর্নীতির সঙ্গে জড়িতরা’ ক্যাম্পাসে এলে ছাত্ররা তাদের ক্যাম্পাস ত্যাগে বাধ্য করে।

আন্দোলনরত ছাত্ররা বলেন, বিগত দিনে ভিসির সঙ্গে যোগসাজশে রেজিস্ট্রার এই বিশ্ববিদ্যালয়ে দুর্নীতির আখড়া গড়ে তোলেন। তার রেজিস্ট্রার পদে যোগ্যতা না থাকা সত্ত্বেও প্রভাব খাটিয়ে এ বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পেয়ে টেন্ডারবাজির মাধ্যমে নিজের লোকদের ঠিকাদারি কাজ দেওয়া ছাড়াও বিভিন্ন পদে যোগ্যতা ছাড়াই নিয়োগ দিয়ে সমালোচিত হয়েছেন। বিক্ষোভের এক পর্যায়ে ছাত্ররা প্রশাসন ভবন ও একাডেমিক  ভবনে তালা ঝুলিয়ে দেয় এবং ভিসির কুশপুত্তলিকা দাহ করে। পরে তারা ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর ড. মো. ছিদ্দিকুল ইসলামের কাছে সাত দফা দাবিসংবলিত স্মারকলিপি প্রদান করেন। দাবিসমূহের মধ্যে আছে—ক্যাম্পাসে লেজুড়ভিত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা, অনতিবিলম্বে ক্যাম্পাসের সব কার্যক্রম চালু করা, আবাসিক হলসমূহ খুলে দেওয়া, দ্রুত সময়ের মধ্যে ছাত্র সংসদ চালু করা, শিক্ষক, কর্মকর্তা কর্মচারীদের  লেজুড়ভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা, শুধু বৈধ ছাত্রদের হলে সিট প্রদানের ব্যবস্থা করা এবং অছাত্রদের দ্রুত নোটিশের মাধ্যমে হল ত্যাগের নির্দেশ দেওয়া ইত্যাদি।

ইত্তেফাক/এমএএম