পার্বতীপুরে মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৮, ১৯:০৪

দিনাজপুরের পার্বতীপুরের তালিমুন্নেছা মহিলা আলিম মাদ্রাসার দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বায়জিদ বোস্তামী (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের কৈপুলকি আনন্দবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রামপুর ইউনিয়নে গ্রামের বাড়িতে ওই ছাত্রীকে একা পেয়ে ধর্ষণ করে পালিয়ে যায় বায়জিদ। এ ঘটনায় সোমবার দুপুরে ভিকটিম বাদী হয়ে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী (০৩) এর ৯ (১) ধারায় একটি (মামলা-৫) দায়ের করে।

এ বিষয়ে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোখলেছুর রহমান জানান, ‘ডাক্তারি পরীক্ষার জন্য ওই ছাত্রীকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এছাড়া অভিযুক্ত বায়জিদ বোস্তামীকে গ্রেফতার করে সোমবার বিকেলে আদালতের মাধ্যমে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।’

ইত্তেফাক/বিএএফ