নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুলকে প্রধান আসামি করে থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া মামলায় আরও অন্তত ৬০ জনকে আসামি করা হয়েছে ।
শনিবার (১৭ আগস্ট) দুপুরে ফরহাদ আলী দেওয়ান ও সাইফুল ইসলাম নামে দুজন নাটোর সদর থানায় মামলা দুটি করেন। নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার আসামিরা হলেন, শফিকুল ইসলাম শিমুল (৪৬), সাজেদুল ইসলাম সাগর (৪২), জাহিদুর রহমান জাহিদ (৪৫), জামিল হোসেন মিলন (৪২), সায়েম হোসেন উজ্জল (৪৮), খোকন মিয়াজী (৪৭), মলয় কুমার রায় (৪২), আমিনুল ইসলাম আজম (৫৮), কোয়েল (৩২), কানন (২৮), সেলিম (৩৩), সজিব (৩৫), সবুজ (৩৫), সৌমেন (৩৮), রাসু (৩২), শিহাব, স্বপন (২৪), হৃদয় (২২), আলিফ (২২), জনি (২৭), সুমন (৩৩), হৃদয় (৩৩), সুমন মৃধা (৩৩), মাহাতাব কমিশনার (৩৬), সৌমেনসহ (৩৮) অজ্ঞাত আরও অন্তত ৩৫ জন।
এদিকে মামলার বাদী সাইফুল ইসলাম জানান, গত বছরের ২৯ অক্টোবর স্টেশন এলাকার মামুন ফার্মেসীর সামনে সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের নির্দেশে এজাহারভুক্ত আসামিরা তার পথ রোধ করেন। এ সময় তাকে মারপিট ও গুলি করা হয়।
অপর মামলার বাদী ফরহাদ আলী দেওয়ান শাহীন বলেন, চলতি বছরের ১৩ মার্চ দুপুরে কোর্টে একটি মামলার হাজিরা শেষে সিংড়া যাওয়ার সময় সদর উপজেলার সড়ক ও জনপথ ভবনের সামনে ১৫ থেকে ২০ জন আমাকে এলোপাথাড়ি মারপিট ও গুলি করেন।
তিনি আরও জানান, সন্ত্রাসীরা শফিকুল ইসলামের নির্দেশে তার উপর হামলা চালায়। সে সময় মামলার পরিবেশ ছিল না। আমি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছিলাম। হত্যার হুমকি দিয়েছিল তারা। আজ নিজে থানায় এসে মামলা দায়ের করেছি।
এ বিষয়ে পুলিশ সুপার তারিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলসহ অনেককে আসামি করে সদর থানায় মামলা করা হয়েছে। মামলার তদন্ত সাপেক্ষে আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে।
