সাভারের আশুলিয়ায় ১২ বছরের বুদ্ধি প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত রিকশাচালক মো. মনোয়ার মন্ডলকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ধর্ষণের ঘটনায় শিশুটির মা আশুলিয়া থানায় মামলা দায়ের করে এবং ওইদিন রাতে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মনোয়ার মন্ডল চুয়াডাঙ্গা জেলার সদর থানার খেজুরিয়া ডিঙ্গিদাহ গ্রামের মৃত টেনু মন্ডলের ছেলে। সে আশুলিয়ার জিরাব এলাকায় ভাড়া থেকে রিকশা চালাত।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) বিজন কুমার বলেন, ধর্ষণের শিকার বুদ্ধি প্রতিবন্ধী ওই শিশুটি গার্মেন্টকর্মী মা ও তার পরিবারের সাথে আশুলিয়ার জিরাবোতে ভাড়া বাসায় বসবাস করে। প্রতিদিনের মতো সোমবার সকালে মেয়েকে বাসায় রেখে গার্মেন্টে চলে যান মা রেশমা বেগম। এই সুযোগে প্রতিবেশী রিকশাচালক মনোয়ার মন্ডল ওই শিশুটির কক্ষে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় শিশুটির চিত্কারে পাশের বাসার ভাড়াটিয়ারা বের হয়ে আসলে ধর্ষক মনোয়ার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। রাতে শিশুটির মা বাসায় এসে বিষয়টি জানতে পেরে আশুলিয়া থানায় মামলা করেন।
তিনি আরো বলেন, শিশুটিকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার মনোয়ার মন্ডল ধর্ষণের কথা স্বীকার করেছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।
