ফতুল্লায় স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মহত্যা

আপডেট : ১০ জুলাই ২০১৯, ০০:২০

ফতুল্লায় গার্মেন্টকর্মী স্ত্রী পলি বেগমকে মারধর ও শ্বাসরোধে হত্যার পর বিষ পানে স্বামী জামাল আত্মহত্যা করেছেন।

গতকাল মঙ্গলবার ভোরে ফতুল্লার পশ্চিম দেওভোগ আদর্শনগর এলাকায় মোশারফ হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, চাষাঢ়া মোড়ের চা বিক্রেতা জামাল হোসেন (৩৫) ও তার স্ত্রী গার্মেন্টকর্মী পলি বেগম (২৮)। তাদের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার মীর্জাগঞ্জ থানার ময়দা শ্রীনগর গ্রামে। নিহত পলির বোন জামাই আক্তার হোসেন জানান, ভোরে আমার শ্যালক মাহিন আমাকে ঘুম থেকে উঠিয়ে বলে পলি নেই। তখন দ্রুত তাদের ঘরে গিয়ে দেখি দুই জন পাশাপাশি পড়ে আছে। এসময় আশপাশের লোকজন ডেকে এনে তাদের দুই জনকে ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যাই। সেখানে জরুরি বিভাগের ডাক্তার পলিকে মৃত ঘোষণা করেন এবং জামালকে ঢাকা মেডিক্যালে নেওয়ার পরামর্শ দেন। এরপর জামালকে ঢাকা মেডিক্যালে নেওয়ার পর সেখানে কর্তব্যরত চিকিত্সক তাকেও মৃত ঘোষণা করেন। তাদের মধ্যে কী নিয়ে বিরোধ ছিল তা আমার জানা নেই।

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, পলির মাথায় বঁটির কোপ ও মুখে কাঠ দিয়ে আঘাত করা হয়েছে। এতে পলির মৃত্যু হয়। এরপর জামাল আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি আরো তদন্ত করে জানা যাবে এর কারণ কী। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।