স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর ডা. রোবেদ আমিন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সহকারী সচিব এম কে হাসান জাহিদের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এদিকে প্রফেসর ডা. রোবেদ আমিনকে শেখ হাসিনার পক্ষের শক্তি উল্লেখ করে তাকে প্রত্যাখ্যান করে বিক্ষোভ করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) স্বাস্থ্য অধিদপ্তর শাখা ও সাধারণ চিকিৎসকরা।
শাখার সভাপতি ডা. ফারুক বলেন, বৈষম্যবিরোধী চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা রোবেদ আমিনকে মহাপরিচালক হিসেবে নিয়োগের আদশে মানেন না। আজ সোমবার আমরা অধিদপ্তর ঘেরাও করেছি।
ডা. ফারুক বলেন, রোবেদ আমিন একজন সুবিধাবাদী লোক। বিগত স্বৈরাচারী সরকারের শাসনামলে তিনি অধিদপ্তরের নন কমিউনিকেবল ডিজিজ (এনসিডিসি) শাখার পরিচালক হিসেবে কোটি কোটি টাকা আত্মসাত করেছেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনরত ছাত্র-জনতার বিরুদ্ধে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছিলেন। আমরা বিষয়টি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহর সাথে কথা বলেছি। তারা আমাদের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক চিকিৎসক বলেন, ডা. রোবেদ আমিন আওয়ামী সরকারের অন্যতম সুবিধাভোগী। গত কয়েকবছরে ক্ষমতার অপব্যবহার করে এনসিডিসি’র বিভিন্ন যন্ত্রপাতি ক্রয় ও অন্যান্য সুবিধা নিয়ে শত কোটি আত্মসাৎ করেছেন। ভারতে পলায়নকারী হাসিনা সরকারের দোসরকে কোনভাবেই মহাপরিচালক হিসেবে দেখতে চাইনা। পাশাপাশি অধিদপ্তরে অনেক সিনিয়র ও দায়িত্বশীল কর্মকর্তা আছেন তাদেরকে এই পদে আনা হোক। সাধারণ চিকিৎসকরা এই নিয়োগকে প্রত্যাখ্যান করছে।
