মার্কিন পণ্যের উপর বর্ধিত শুল্ক নিয়ে ফের ভারতকে তীব্র আক্রমণ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি বাণিজ্যে ভারতকে দেওয়া বিশেষ সুবিধা তুলে নেয় তাঁর প্রশাসন। এর পাল্টা হিসেবে মার্কিন পণ্যের উপর শুল্কের হার বাড়ায় ভারত। এ নিয়েই গতকাল মঙ্গলবার ফের একবার দিল্লিকে একহাত নেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর হুমকি, ভারতের এই আচরণ বরদাস্ত করা হবে না। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প আরো বলেছেন, আমরা জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে গেছি। কারণ যে পরিমাণ অর্থ এই ফান্ডে যুক্তরাষ্ট্রকে দিতে হয় তা কখনোই পরিশোধ করা সম্ভব না। আমাদের কর্মসংস্থান দরকার।
টুইটার বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প লেখেন, মার্কিন পণ্যের উপর শুল্ক বসিয়ে দীর্ঘদিন ধরে ফায়দা তুলেছে ভারত। এই আচরণ আর বরদাস্ত করা হবে না। আগামী সপ্তাহে দিল্লিতে আসার কথা মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের (ইউএসটিআর)। দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা দুই দেশের মধ্যে। এর আগে ট্রাম্পের এই মন্তব্য অস্বস্তি বাড়ালো দিল্লির। গত মাসে জাপানের ওসাকায় আয়োজিত জি-২০ শীর্ষ সম্মেলনের মাঝে একটি বৈঠকে মুখোমুখি হয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগেও বর্ধিত শুল্ক নিয়ে ভারতকে হুঁশিয়ারি দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। ভারতের শুল্ক বৃদ্ধি মেনে নেওয়া যায় না এবং অবশ্যই তা প্রত্যাহার করা উচিত বলে মন্তব্য করেছিলেন তিনি। -এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকা
