ধর্ষণের পর হত্যার শিকার শিশু সামিয়া আফরিন সায়মার পরিবারকে সান্ত্বনা দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, তার স্ত্রী আফরোজা আব্বাসসহ দলটির বেশ কয়েকজন নেতা। গতকাল মঙ্গলবার রাজধানীর ওয়ারীর বনগ্রাম রোডের মসজিদ সংলগ্ন সায়মাদের বাসায় গিয়ে তারা সায়মার বাবা আব্দুস সালাম, মাসহ পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। সায়মার পরিবারের সদস্যদের সঙ্গে কিছু সময় কাটান তারা। এ সময় মির্জা আব্বাসের সঙ্গে আরো ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী আবুল বাশার, বিএনপি চেয়ারপারসনের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য ও সাদেক হোসেন খোকার পুত্র ইশরাক হোসেন, যুবদল নেতা মোহাম্মদ শরীফ, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পরে মির্জা আব্বাস সাংবাদিকদের বলেন, বাংলাদেশে বর্তমানে কারো নিরাপত্তা নেই, পরিস্থিতি খুবই ভয়াবহ আকার ধারণ করেছে। আইনশৃঙ্খলা ও অর্থনীতি কোনো দিক থেকেই বাংলাদেশ আজ ভালো নেই। দেশে শৃঙ্খলা থাকলে এভাবে গণহারে ধর্ষণের ঘটনা ঘটত না। বাংলাদেশ আজ ধর্ষকের দেশে পরিণত হয়েছে। সবক্ষেত্রেই দেশে এক ধরনের বিচারহীনতা শুরু হয়েছে। যার প্রমাণ সাত বছরের শিশু সামিয়াকে ধর্ষণের পর হত্যার মতো ঘটনা।
