পাকিস্তানে বন্দুকধারীদের হামলায় নিহত বেড়ে ৬০

আপডেট : ২৬ আগস্ট ২০২৪, ২১:৪৪

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে কিছু পুলিশ স্টেশন, রেললাইন এবং মহাসড়কে একযোগে হামলা চালিয়েছে স্থানীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সদস্যরা। এই হামলায় নিহতের সংখ্যা ৬০ জনেরও বেশি হয়ে দাঁড়িয়েছে। সোমবার (২৬ আগস্ট) ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স দেশটির সরকারি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এই তথ্য জানিয়েছে।

হামলার দায় স্বীকার করে ফরাসি বার্তাসংস্থা এএফপিকে ইমেইল বার্তায় বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) দাবি করেছে যে নিহতরা সবাই বেসামরিক পোশাক পরা সামরিক বাহিনীর সদস্য ছিলেন এবং তাদের যোদ্ধারা সবাইকে চিহ্নিত করে হত্যা করেছে। তবে তাদের দাবির প্রমাণ তারা দিতে পারেনি।

পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, সন্ত্রাসীদের বড় আকারের হামলার পর সংঘর্ষে ১৪ সেনা ও পুলিশ সদস্য এবং ২১ জন সন্ত্রাসী নিহত হয়েছেন। হামলার সময় বেলুচিস্তানের প্রধান মহাসড়কে একটি বাসসহ পণ্যবাহী যানবাহন লক্ষ্য করে হামলা চালানো হয়। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে ১২ সন্ত্রাসীর নিহত হওয়ার তথ্য জানিয়েছে, তা সেনাবাহিনীর প্রকাশিত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে কি না তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বিচ্ছিন্নতাবাদীদের হামলায় অন্তত ২৩ জন যাত্রী নিহত হয়েছেন এবং ৩৫টি যানবাহনে আগুন ধরানো হয়েছে। রেলওয়ে বিভাগের কর্মকর্তা মুহাম্মদ কাশিফ বলেছেন, বেলুচিস্তানের প্রাদেশিক রাজধানী কোয়েটার সঙ্গে পাকিস্তানের বাকি অংশকে সংযোগকারী একটি রেল সেতুতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একইসঙ্গে প্রতিবেশী ইরানের সঙ্গে সংযুক্ত রেললাইনেও বিস্ফোরণ ঘটানো হয়েছে। এসব কারণে কোয়েটার সঙ্গে রেল চলাচল স্থগিত করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, রেলওয়ে সেতুর যে স্থানে হামলা হয়েছে, সেখানে এখনও অন্তত ছয়টি মরদেহ পড়ে রয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, বেলুচিস্তানে পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর অফিসগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

মুসাখাইল জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা নজিবুল্লাহ কাকার এএফপিকে জানিয়েছেন, পাঞ্জাবকে বেলুচিস্তানের সঙ্গে সংযুক্ত একটি মহাসড়কে একের পর এক বাস, ভ্যান ও ট্রাক থামিয়ে দেওয়া হয়েছে। তিনি আরও জানান, প্রায় ৩০ থেকে ৪০ জন সন্ত্রাসী হামলা চালিয়েছে এবং ২২টি গাড়ি থামিয়ে পাঞ্জাব থেকে আসা যাত্রীদের চিহ্নিত করে গুলি করেছে।

নিহতদের বেশিরভাগই পাঞ্জাবি শ্রমিক হিসেবে পরিচিত এবং কয়েকজন আধা সামরিক সৈন্যও নিহত হয়েছেন। জেলা প্রশাসনের আরেক ঊর্ধ্বতন কর্মকর্তা হামেদ জেহরি এএফপিকে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তার অফিস থেকে সোমবার এক বিবৃতিতে এই সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর শোক ও নিন্দা প্রকাশ করেছেন।

বেলুচিস্তান, যে প্রদেশ বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদ থাকার সত্ত্বেও পাকিস্তানের সবচেয়ে দরিদ্র প্রদেশ হিসেবে পরিচিত, সেখানে পাঞ্জাবি, সিন্ধু ও বিদেশি বিভিন্ন সংস্থার ওপর বিগত কয়েক বছরে হামলা বেড়ে গেছে। বিচ্ছিন্নতাবাদীরা দাবি করছে যে, তাদের দীর্ঘদিন ধরে শোষণ করা হচ্ছে।

এর আগে গত এপ্রিলে, একই ধরনের হামলায় বেলুচিস্তানের নৌশকি শহরে বাস থেকে অপহরণ করে ১১ জন পাঞ্জাবি শ্রমিককে হত্যা করা হয়েছিল।

ইত্তেফাক/টিএইচ