ঈশ্বরদীর সাহাপুরে সড়ক দুর্ঘটনায় এক অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহতের নাম সাথী খাতুন (২১)। সাথী সাহাপুর মন্ত্রীমোড় সংলগ্ন রতন কারিগরের ছেলে সোহান হোসেনের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল শহরের পোস্টঅফিস মোড় সংলগ্ন নজুর মুদির দোকানের সামনে এ দুর্ঘটনা হয়। দুর্ঘটনার ২২ ঘন্টা পর সোমবার সন্ধ্যা ৬ টার দিকে পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সাথী খাতুনের শ্বশুড় রতন কারিগর জানান, তার ছেলে সোহান ও ছেলের স্ত্রী সাথী একসঙ্গে ঈশ্বরদী ইপিজেডের একটি কোম্পানিতে চাকরি করতেন। মোটরসাইকেল যোগে দুইজন যাতাযাত করতেন। ছুটির পর তারা পাকশী-পাবনা বগামিয়া রোড দিয়ে বাড়িতে ফিরছিলেন। এ সময় নজুর মুদির দোকানের সামনে রাত আনুমানিক আটটার দিকে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেলের পেছন বসে থাকা সাথী পাকা রাস্তায় ছিটকে পড়েন। এ সময় শ্যালো ইঞ্জিন চালিত চলন্ত করিমন সাথীকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। এ সময় সোহান ও সাথী দুজনই আহত হয়।
সাথী আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। করিমন চাপায় তিনি অচেতন হয়ে পড়েন। তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী ও পরে পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সোমবার সাথী সেখানেই মারা যান।
ইত্তেফাক/নূহু
