সাম্প্রতিক বন্যার শুরু থেকে ফেনীর ছাগলনাইয়া অঞ্চলে স্পিডবোট নিয়ে উদ্ধার অভিযান শুরু করে মুক্তির বন্ধন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা। পাশাপাশি চলে ত্রাণ বিতরণও। এখন পর্যন্ত তিন শতাধিক মানুষকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দিয়েছে সংগঠনটি, যার অধিকাংশই নারী ও শিশু।
স্বেচ্ছাসেবী দলটি বর্তমানে লক্ষীপুরের দালালপুর বাজারে অবস্থান করে রান্না করা খাবার বিতরণ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সংগঠনের কার্যক্রম দেখে ভূয়সী প্রশংসা করছে নেটিজেনরা। তাদের উদ্ধার অভিযানের ভিডিও চিত্রও ভাইরাল হয়েছে।
সংগঠনের মুখপাত্র জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের মাধ্যমে অর্থ যোগাড় করে এবং সংগঠনের নিজস্ব তহবিল থেকে অর্থ খরচ করে কার্যক্রম চলছে। যতদিন প্রয়োজন ততদিন স্বেচ্ছাসেবী দল দুর্গত অঞ্চলে অবস্থান করবে।
তিনি আরও জানান, পানি কমে এলে দেশের প্রখ্যাত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রাক্তন অধ্যাপক ডা. মো. ফয়জুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে একটি শক্তিশালী মেডিকেল টিম বন্যা দুর্গত অঞ্চলে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করবে।
