ছোট পর্দায় বহু সফল গল্পের অভিনেতা তিনি। ক্যারিয়ারের শুরু থেকেই অভিনয় করছেন বৈচিত্র্যময় চরিত্রে। তিনি হলেন হালের ব্যস্ততম অভিনেতা আজম খান। সম্প্রতি তিনি অভিনয়ের চার বছর পার করলেন। তাঁকে নিয়ে লিখেছেন খালেদ আহমেদ
স্মরণ মিষ্টি কণ্ঠের কারণেই এই সময়ের অনেক প্রতিশ্রুতিশীল সংগীতশিল্পীদের মধ্যে নিজেকে আলাদা করে নিতে পেরেছেন। অবশ্য যাঁর গানের অনুপ্রেরণা সাবিনা ইয়াসমিন, সামিনা চৌধুরী; তাঁর নিজেকে শুদ্ধ সংগীতের চর্চায় থেকে প্রতিষ্ঠিত করার চেষ্টাটাও থাকে প্রবল। গত ২ জুলাই বিশ্ব সংগীত দিবস উপলক্ষে অধরা জাহানের কথায় ও শানের সুর-সংগীতে প্রকাশ হওয়ার কথা ছিল নোশিন তাবাসসুম স্মরণের গাওয়া ‘অগ্নি বাসর’ গানটি। কিন্তু সেদিন গানটি প্রকাশ না পেলেও গানটির গীতিকার অধরা জাহান জানান শিগগিরই গানটি ইউটিউবে প্রকাশিত হবে। ‘অগ্নি বাসর’ই শানের সুর-সংগীতে স্মরণের প্রথম কোনো গান গাওয়া। আবারও শানেরই সুর-সংগীতে নতুন একটি গানে কণ্ঠ দিলেন স্মরণ। গানের কথা লিখেছেন সঞ্জীবন চক্রবর্ত্তী। সম্প্রতি গানটির রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। এটি একটি দ্বৈত সংগীত। গানটিতে শান ও স্মরণকে একসঙ্গে পাবেন শ্রোতা-দর্শক। গানটির কথা হলো ‘আমার চোখের পাতায় ঠোঁটের কোণায় তোমার গন্ধ লেগে থাক, তোমার শরীরজুড়ে অগোচরে আমারই নাম লেখা থাক, আমার কথাগুলো সুর পেল তোমারই প্রেমে পড়ে, তোমার মনের কথা ব্যাকুলতা পাঠিও আমার নামে।’ শিগগিরই মিউজিক ভিডিও নির্মাণ শেষে গানটি একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে বলে জানান স্মরণ। এ প্রসঙ্গে স্মরণ বলেন, ‘শান ভাইয়া মূলত জানতে চেয়েছিলেন গানটি কেমন হয়েছে। কিন্তু গানটি যে আমাকেই গাইতে হবে সেটা আমার জানা ছিল না। এটা সত্যি যে আমাদের দেশে এখন সুস্থ ধারার গানের খুব সংকট চলছে। ভালো গানের প্রতি সবসময়ই আমার অন্যরকম আগ্রহ আছে। তাই অনেকটাই হঠাত্ করেই এত সুন্দর একটি গানে আমার কণ্ঠ দেওয়া। অনেক অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ শান ভাইয়াকে আমাকে এমন চমত্কার একটি গানের সঙ্গে যুক্ত করার জন্য।’ ২০০৮ সালে ‘ক্ষুদে গান রাজ’-এ শীর্ষ পাঁচ-এ ছিলেন স্মরণ। ছোটবেলায় তিনি গান শিখেছেন বগুড়ায় ওস্তাদ আব্দুল আউয়ালের কাছে। এরপর তিনি অনুপ বড়ুয়া, রেজওয়ান আলী লাভলুর কাছে সংগীতে তালিম নেন। বর্তমানে ছায়ানটে নজরুল সংগীতে নিয়মিত তালিম নিচ্ছেন। সংগীত সম্পর্কে স্মরণের ভাবনা একটাই। স্মরণ বলেন, ‘আমি মনে করি সংগীতেরও সত্তা আছে। কারণ সংগীত নিজে হাসে, নিজে কাঁদে, আবার সংগীত মানুষকেও হাসায়, মানুষকেও কাঁদায়।’ গোলাম হাবিব লিটু পরিচালিত ‘স্বপ্নের দিন’ টেলিফিল্মে স্মরণ ‘আকাশ ভরা সূর্য তারা’ রবীন্দ্রসংগীতটি গেয়েছেন। গানটি শবনম ফারিয়ার লিপে ব্যবহূত হয়েছে।
