রে জা উ ল ক রি ম খো ক ন
‘সুপার থার্টি’তে অভিনয়ের জন্য ম্রুনাল ঠাকুর যখন অডিশন দেন, তখনো জানতেন না, এ সিনেমায় তাঁর বিপরীতে কে অভিনয় করছেন। শুটিং শুরুর পর জানতে পারেন, তাঁর বিপরীতে অভিনয় করছেন হূত্বিক রোশন। জানার পর দারুণ চমকে গিয়েছিলেন। কারণ, ‘কহো না পেয়ার হ্যায়’ দেখার পর থেকেই তিনি হূত্বিকের ডাই হার্ড ফ্যান। তাঁর সব সিনেমাই দারুণ আগ্রহ নিয়ে দেখেছেন। গ্রিক গড হিসেবে খ্যাত বলিউডের এই সুপারস্টারের প্রেমিকা হিসেবে অভিনয়ের সুযোগ পাবেন, এটা কখনো কল্পনাও করেননি ম্রুনাল। তাই ‘সুপার থার্টি’তে প্রিয় তারকার সঙ্গে অভিনয় করতে হবে জানার পর থেকে একধরনের নার্ভাসনেস পেয়ে বসেছিল তাঁকে। ভীষণ দুশ্চিন্তায় পড়ে ছিলেন। কিভাবে কী করবেন, ভেবে পাচ্ছিলেন না। এরপর শুটিংয়ে হূত্বিক দারুণ আন্তরিকতা নিয়ে অভিনয়ে সহযোগিতা করলে সেই নার্ভাসনেস কেটে যায়। হূত্বিকের সঙ্গে বেশ ফ্রি হয়ে ওঠেন ম্রুনাল। বুঝতে পারেন, প্রিয় তারকাটি শুধু ভালো অভিনয়শিল্পীই নন, যথার্থ সহশিল্পীও বটে।
‘সুপার থার্টি’তে রিতু রেশমি চরিত্রে অভিনয় করেছেন ম্রুনাল ঠাকুর। সন্দেহ নেই, বহুল আলোচিত একটি বায়োপিকে হূত্বিক রোশনের বিপরীতে অভিনয়ের সুযোগ লাভ তাঁর ক্যারিয়ারে ভিন্নমাত্রা যুক্ত করেছে। এরমধ্যে সিনেমাটির প্রচারণায় হূত্বিকের সঙ্গে বিভিন্ন জায়গায় যেতে হয়েছে তাঁকে। দেখেছেন, তাঁর ব্যাপারে নতুন করে সবাই দারুণ কৌতূহলী হয়ে উঠেছে। অথচ গত বছর বড় পর্দায় ম্রুনালের অভিষেক হয়েছিল ‘লাভ সোনিয়া’র মাধ্যমে। সিনেমাটি ভারতে তেমন সাড়া জাগাতে পারেনি। তবে আন্তর্জাতিক অঙ্গনে নারী পাচার বিষয়কে কেন্দ্র করে আবর্তিত সিনেমাটি মোটামুটি সাড়া জাগিয়েছিল। প্রথম অভিনীত সিনেমাতেই একজন সম্ভাবনাময় অভিনেত্রী হিসেবে নিজের যোগ্যতা প্রমাণ করেছিলেন তিনি। এর আগে দুটি মারাঠি সিনেমায় কাজ করার অভিজ্ঞতা ছিল তাঁর। সবাই তাঁকে বেশি চেনেন জিটিভির বিপুল জনপ্রিয় সিরিয়াল ‘কুমকুম ভাগ্য’র বুলবুল অরোরা চরিত্রে দুর্দান্ত অভিনয়ের কারণে।
মারাঠি পরিবারের মেয়ে ম্রুনাল সাংবাদিকতা বিষয়ে ডিগ্রি নিয়েছেন। মডেলিংও করেছেন বেশ কিছু অ্যাডে। ছোট পর্দায় তাঁর বিচরণ ২০১২ সাল থেকে। অভিনেত্রী হিসেবে নিজেকে বিকশিত করার সুযোগ পেয়েছেন এভাবেই। ভারতের বিখ্যাত গণিতবিদ আনন্দ কুমারের জীবন ভিত্তিক বলিউডি সিনেমা ‘সুপার থার্টি’ মুক্তির আগেই সবার দারুণ আগ্রহ জাগিয়েছে। ধারণা করা যায়, এ সিনেমার মাধ্যমে ম্রুনাল ঠাকুর নিজেকে একটি উজ্জ্বল অবস্থানে অধিষ্ঠিত করতে সক্ষম হবেন। ‘লাভ সোনিয়া’য় একজন পতিতার চরিত্রে চমত্কার অভিনয়শৈলী প্রদর্শন করে সমালোচক মহলে আলোড়ন তুলেছিলেন তিনি। অভিনীত চরিত্রটিকে বাস্তবসম্মত করে তুলতে তিনি কলকাতা শহরের একটি পতিতালয়ে গিয়ে খুব কাছ থেকে সেখানকার বাসিন্দাদের পর্যবেক্ষণ করেছিলেন। এ নিয়ে কোনো দ্বিধা-সংকোচ করেননি। বরং অভিনয়ের প্রতি একান্ত নিষ্ঠার প্রমাণ দিয়েছেন তিনি এভাবেই। ‘সুপার থার্টি’র পাশাপাশি আরো একটি নতুন সিনেমা ‘বাটলা হাউস’-এ অভিনয় করেছেন ম্রুনাল ঠাকুর। আগামী ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে মুক্তি পাবে সিনেমাটি। এতে জন আব্রাহামের বিপরীতে অভিনয় করেছেন তিনি।
