‘৯ম সার্ক চলচ্চিত্র উত্সব’-এ দুটি পুরস্কার অর্জন করেছে ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘ফাগুন হাওয়ায়’। ছবিটি পরিচালনা করেছেন তৌকীর আহমেদ। পুরস্কার দুটির একটি পেয়েছেন শ্রেষ্ঠ চিত্রগ্রাহকের জন্য এনামুল হক সোহেল ও শ্রেষ্ঠ শব্দ পরিকল্পনার পুরস্কার পেয়েছেন রিপন নাথ। গত ২ জুলাই থেকে শ্রীলঙ্কায় শুরু হয় সার্কভুক্ত দেশগুলোর চলচ্চিত্র নিয়ে ৬ দিনব্যাপী এ উত্সব। উত্সবে গত ৩ জুলাই সকালে ফাগুন হাওয়ায়, বিকেলে দেখানো হয় নূর ইমরান মিঠু নির্মিত কমলা রকেট এবং ৫ জুলাই দুপুর ১২টায় মাস্টার ফিল্মস বিভাগে দেখানো হয় নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু পরিচালিত আলফা। ফাগুন হাওয়ায় এবং কামলা রকেট প্রদর্শিত হয় কম্পিটিশন বিভাগে।
৩টি ছবিরই প্রযোজক ইমপ্রেস টেলিফিল্ম লি.। এ উত্সব অনুষ্ঠিত হয় শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর ন্যাশনাল ফিল্ম কর্পোরেশনে।
গত ৭ম সার্ক চলচ্চিত্র উত্সবে ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘অজ্ঞাতনামা’ প্রতিযোগিতা শাখায় সেরা চিত্রনাট্যের পুরস্কার অর্জন করে।
