তৃতীয় শ্রেণিতে ভর্তি পরীক্ষা প্রস্তুতি

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৮, ২০:০০

সুপ্রিয় ছোট্ট সোনামনি পরীক্ষার্থী বন্ধুরা, অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। কয়েকদিন পরই তোমাদের ভর্তি পরীক্ষা। ভর্তি পরীক্ষার জন্য বাংলা ভাষা সঠিক ভাবে জানা ও লেখা খুবই গুরুত্বপূর্ণ। অনেক মা—বাবা বলে থাকেন যে, তাদের সন্তান  একদমই লিখতে চায় না। আমাদের মনে রাখতে হবে একবার লেখা দশবার পড়ার সমান। বাংলা আমাদের মাতৃভাষা। বাংলা ভাষার জন্য আজ আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পেয়েছি। আমাদের উচিত বাংলা ভাষার প্রতি যত্নশীল হওয়া। বেশি বেশি রিডিং পড়ো। বাংলায় মনীষীদের জীবনী, নীতিকথা ও ছোটদের উপযোগি গল্প, ছড়া পড়া ও আবৃত্তি করার অভ্যাস গড়ে তুলতে হবে। তাহলে বাংলায় যেকোনো বিষয়ের উপর নিজে নিজে কিছু লিখতে পারবে। ঠিক হবে বানান ও বাক্যগঠন। বাংলা ভাষার প্রতি প্রথম থেকেই যত্নশীল হতে হবে। সঠিক উচ্চারণ, সঠিক বানান, শব্দার্থ ও যুক্তবর্ণের ব্যবহার শিখতে হবে যেন বাংলা ভাষার উপর শক্ত ভীত রচিত হয়। আজ আমরা বাংলা বিষয়ের উপর তোমাদের নির্দেশনা দিচ্ছি। যা তোমাদের আয়ত্ত করতে হবে ধীরে ধীরে আর পরীক্ষায়ও ভালো করতে পারবে।

বাংলা

শাখা-ক (শব্দার্থ, যুক্তবর্ণ, বাক্যগঠন, শূন্যস্থান পূরণ)

১। শব্দার্থ লিখ।

ক) স্বাধীন —খ) বীর —গ) খেয়াল—

উত্তর: ক) মুক্ত           খ) সাহসী     গ) ইচ্ছা।

২। যুক্তবর্ণ ভেঙ্গে দেখাও এবং নতুন দুটি শব্দ গঠন কর।

ক) অঞ্চল —খ) উপস্থিত—

উত্তর: ক) ঞ্চ = ঞ + চ, চঞ্চল, পঞ্চাশ    খ) স্থ = স + থ, সুস্থ, আস্থা।

৩। বাক্য গঠন কর।

ক) কিন্তু —খ) থমথমে —

উত্তর: লোকটি গরিব কিন্তু সত্। খ) ভয়ে আমাদের অবস্থা থমথমে।

৪। সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ কর।

ক) চাঁদে কোন _________ নেই।

খ) বাংলাদেশ আমার _________।

গ) খেজুরের রস _________ কালে পাওয়া যায়।

উত্তর: ক) জনপ্রাণী     খ) মাতৃভূমি গ) শীত।

শাখা—খ  (লিঙ্গ, বচন, বিপরীত শব্দ, পদ)।

৫। লিঙ্গ পরিবর্তন কর।

ক) বালক —খ) রাজা —গ) বৃদ্ধ —

উত্তর: ক) বালিকা       খ) রানী            গ) বৃদ্ধা।

৬। বচন পরিবর্তন কর।

ক) শিক্ষক —খ) দেশ —গ) তারকা —

উত্তর: ক শিক্ষকবৃন্দ        খ) দেশে দেশে       গ) তারকারাজি।

৭। বিপরীত শব্দ লিখ।

ক) উত্তম —খ) আস্তিক —গ) ক্ষয় —

উত্তর: ক)  অধম  খ) নাস্তিক          গ) বৃদ্ধি।

৮। নির্দেশনা অনুযায়ী পদ নির্ণয় কর।

ক) জেলেরা নদীতে মাছ ধরে। (বিশেষ্যপদ)                                               

খ) রহিম এবং করিম দুই ভাই। (অব্যয় পদ)

উত্তর: ক) জেলেরা, নদীতে, মাছ    খ) এবং

৯।পদ পরিবর্তন কর।

ক) শয়ন —   (বিশেষণ) খ) ধার্মিক — (বিশেষ্য)

উত্তর: ক) শায়িত খ) ধর্ম

শাখা—গ (শুদ্ধ বানান, এক কথায় প্রকাশ, অনুবাদ, প্রতিশব্দ)।

১০। বানান শুদ্ধ কর।

ক) আদেস —খ) বিসাদ —গ) দুর —

উত্তর: ক) আদেশ       খ) বিষাদ       গ) দূর।

১১। এক কথায় প্রকাশ কর।

ক) পাখির ডাক—খ) যার সীমা নেই —

উত্তর: ক) কূজন / কাকলি   খ) অসীম

১২। বাংলায় অনুবাদ কর।

The dog is a faithful animal. It guards our house at night. The dog is called the friend to man. We should be very kind to the dogs.

উত্তর: কুকুর একটি বিশ্বস্থ প্রাণী। এটি রাতে আমাদের ঘর পাহারা দেয়। কুকুরকে মানুষের বন্ধু বলা হয়। আমাদের উচিত কুকুরের প্রতি দয়ালু হওয়া।

১৩। দুটি করে প্রতিশব্দ লিখ।

ক) পৃথিবী — খ) রাত —

উত্তর: ক) ধরণী, বসুন্ধরা              খ) রাত্রি, রজনী

শাখা —ঘ  (কাল, সাধু ও চলিত ভাষা)

১৪। কাল পরিবর্তন কর।

ক) আমি চিঠি লিখি। (ঘটমান বর্তমান কাল)

খ) সে ছবি আঁকছে। (সাধারণ ভবিষ্যত্ কাল)

উত্তর: ক) আমি চিঠি লিখছি।    খ) সে ছবি আঁকবে।

১৫। সাধু রূপ থেকে চলিত রূপে রূপান্তর কর।

ক) লিখিতেছে —           (চলিত রূপ)

খ) দর্পণ  — (চলিত রূপ)

উত্তর: ক) লিখছে  খ) আয়না