ইত্তেফাক রিপোর্ট
প্রবাসী ও বাংলাদেশে অবস্থানরত বিদেশিদের জনশুমারির গণনার আওতায় আনা হবে। ২০২১ সালে বাংলাদেশে পরিচালিত হতে যাচ্ছে ষষ্ঠ জনশুমারি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) পরবর্তী জনশুমারি বাস্তবায়নের লক্ষ্যে শুমারি প্রশ্নপত্র প্রণয়ন শুরু করেছে। এ লক্ষ্যে দুই দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়। গতকাল বুধবার আগারগাঁওয়ে বিবিএস মিলনায়তনে কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে এ তথ্য জানান বিবিএস সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্ত্তী। তিনি বলেন, ষষ্ঠ জনশুমারিতে কেউ বাদ যাবে না। প্রবাসী ও দেশে অবস্থানরত বিদেশিদের গণনা করা হবে। তিনি জানান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে ২০২১ সালের ১৭ মার্চ রাত ১২টাকে শুমারি-মুহূর্ত ধরে পরবর্তী সাত দিন জনশুমারি ও গৃহগণনা করা হবে।
