কেন্দুয়া-নেত্রকোনা সড়ক
কেন্দুয়া (নেত্রকোনা) সংবাদদাতা
সড়ক ও জনপথ বিভাগের কেন্দুয়া-নেত্রকোনা সড়কের ভরাপাড়ায় একটি কালভার্ট ভেঙে মরণফাঁদে পরিণত হয়েছে। এ অবস্থায় ব্যস্ততম ঐ সড়ক দিয়ে ছোট ও মাঝারি আকারের যানবাহন চলাচল করলেও ভারী যান চলাচল ব্যাহত হচ্ছে। তাই বাধ্য হয়েই ভারী যানবাহনগুলোকে বিকল্প রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, এক সপ্তাহ আগে একটি ট্রাক ভাঙা কালভার্টে আটকে যায়। পরে এলাকার লোকজন গিয়ে গর্ত থেকে ট্রাকটি উঠাতে সক্ষম হয়। সেই থেকে দুর্ঘটনা এড়াতে এ সড়ক দিয়ে সিলেট ও চট্টগ্রামে যাতায়াতকারী যাত্রীবাহী বাস এবং মালবাহী ট্রাকসহ ভারী যান চলাচল বন্ধ রয়েছে। তবে ভারী যানবাহনগুলো বালিজুড়া মোড় সড়ক ও উলুয়াটী ছোট রাস্তা দিয়ে সাহিতপুর হয়ে যাতায়াত করছে। এতে বাস-ট্রাকগুলো কেন্দুয়া সদরে আসতে না পারায় যাত্রী দুর্ভোগসহ মালামাল পরিবহনে চরম ভোগান্তিতে পড়ছেন স্থানীয় ব্যবসায়ীরা। স্থানীয় বালিজুড়া বাজারের ওষুধ ব্যবসায়ী ডা. আব্দুর রহিম জানান, প্রায় বছরখানেক আগে কালভার্টটির কিছু অংশ ভেঙে পড়ে। পরে ভাঙা কালভার্টের উপর দুইটি লোহার পাটাতন দেওয়া হয়। বর্তমানে পাটাতন দুটিও দুর্বল হয়ে ভেঙে পড়েছে। কালভার্টটি অচিরেই মেরামত না করলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটে প্রাণহানী ঘটতে পারে বলেও জানান তিনি। নেত্রকোনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী দিদারুল আলম তরফদার বলেন, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
