নিজেদের বৈচিত্র্যে আস্থা অস্ট্রেলিয়ার

আপডেট : ১০ জুলাই ২০১৯, ২১:৪৪

স্পোর্টস রিপোর্টার

শুধু ফলাফল বিবেচনায় নিলে অস্ট্রেলিয়া দলের এখন ফুরফুরে মেজাজে থাকার কথা। গ্রুপ পর্বে শুরু থেকে দাপটের সঙ্গে খেলে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে তারা। কিন্তু সমস্যা হলো, অস্ট্রেলিয়া ঠিক স্বস্তিতে থাকতে পারছে না একের পর এক ইনজুরির জন্য। মিডল অর্ডার ব্যাটসম্যান শন মার্শ এরই মধ্যে ছিটকে গেছেন বিশ্বকাপ থেকে। উসমান খাজা ও মার্কাস স্টয়নিসও ইনজুরিতে ছিটকে যাওয়ার পথে। ফলে অস্ট্রেলিয়ার একাদশ সাজানো নিয়ে টানাপোড়েন আছে।

কিন্তু এই সমস্যাকে গুরুতর বলে মানতে রাজি নন দলটির কোচ জাস্টিন ল্যাঙ্গার। তিনি বলছেন, অস্ট্রেলিয়া দলের ভারসাম্য এমনিতেই খুব ভালো। এ ছাড়া বদলি হিসেবে যারা দলে এসেছেন, তারা আরো বৈচিত্র্যময়। ফলে অন্তত পাঁচটি ভিন্ন ভিন্ন উপায়ে একাদশ সাজাতে পারেন তারা। এই কারণেই ল্যাঙ্গার বলছিলেন, তাদের মূল ভরসা খেলোয়াড়দের এই বৈচিত্র্য।

শন মার্শের বদলে আনুষ্ঠানিকভাবে এরই মধ্যে অস্ট্রেলিয়া দলে যোগ দিয়েছেন পিটার হ্যান্ডসকম্ব। ল্যাঙ্গার জানালেন আইসিসির আনুষ্ঠানিকতা শেষ না হলেও খাজার বদলে ম্যাথু ওয়েডের যোগ দেওয়াটাও একরকম নিশ্চিত। অন্যদিকে স্টয়নিসের বিকল্প হিসেবে দলের সঙ্গে তৈরি আছেন মিশেল মার্শ। ল্যাঙ্গার একটা টুইট করে বলেছেন, হ্যান্ডসকম্ব আজকের ম্যাচে নিশ্চিত খেলছেন। তবে কথা বলার সময় অস্ট্রেলিয়ান কোচ বললেন, তার এই তিন বদলি খেলোয়াড়ই দারুণ তৈরি চ্যালেঞ্জ নেওয়ার জন্য।

ম্যাথু ওয়েড সম্পর্কে বলতে গিয়ে ল্যাঙ্গার বলছিলেন, ‘ম্যাথু ওয়েড যদি দলে আসে, তার তো আন্তর্জাতিক ক্রিকেট খেলার অনেক অভিজ্ঞতা আছে। তার জন্য এখন সময়টা অসাধারণ যাচ্ছে। কোনো সন্দেহ নেই যে, সে এখন ক্যারিয়ারের সেরা ফর্মে আছে। আর পিটার হ্যান্ডসকম্ব কিছুদিন আগে ভারতকে ৩-২ ব্যবধানে ভারতের মাটিতে সিরিজ হারানোয় ও পাকিস্তানকে ৫-০ ব্যবধানে হারানোয় বড় ভূমিকা রেখেছে। এ রকম বড় ম্যাচের জন্য ওর টেম্পারামেন্ট অসাধারণ। মিচ মার্শ নিজেও অনেক ওয়ানডে ক্রিকেট খেলেছে। এদের পাওয়াটার ক্ষেত্রে আমি বলতে পারি, আমরা ভাগ্যবান।’ নিজের দলের দারুণ অবস্থা সম্পর্কে বলতে গিয়ে লোয়ার অর্ডারে অ্যালেক্স ক্যারির কথা বলছিলেন ল্যাঙ্গার। এই অলরাউন্ডার বিশ্বকাপে দারুণ ফর্মে আছেন। তিনি ৮ ইনিংসে ৩২৯ রান করেছেন। এর মধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ জেতানো ৭১ রানের ইনিংসও আছে। ল্যাঙ্গার বলছিলেন, ক্যারি যদি ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়ে যান, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না, ‘সে দারুণ খেলছে, তাই না? আমাদের হাতে আসলে এত বেশি বাছাই করার সুযোগ আছে যে এটা খুব ইতিবাচক একটা ব্যাপার। স্টিভ স্মিথ ৩ নম্বরে ব্যাট করতে পারে। আবার অ্যালেক্স ক্যারিও প্রমোশন পেতে পারে। আমাদের দলটা খুব ভারসাম্যপূর্ণ। এর সঙ্গে মিচ মার্শ দলে এলে আমরা কিছু মিডিয়াম পেস পাবো। ও ভালো বলও করে। সম্ভবত এখন পাঁচটি ভিন্ন ভিন্ন উপায়ে একাদশ সাজাতে পারি আমরা।’