এই সময়ের ছড়া

গণতন্ত্রের জবানবন্দি

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৮, ২০:০৫

বনের মাঝে লুকিয়ে আছেন গণতন্ত্র সায়েব,

শুধাই তাকে, সমাজ থেকে কেন হলেন গায়েব?

বলেন তিনি, গায়েব আমি হয়েছিলাম বটে,

কী ঘটেছে সকল কিছুই আছে মানসপটে।

এ দেশেতে এলাম আমি কারণটা কী জানো?

সত্য কথা বলব আমি—মানো কি না মানো।

সভা ডেকে চেয়েছিলাম জানতে সবার কাছে,

কোথায় আমার মানসপুত্র-মানসকন্যা আছে।

আমি ছিলাম মঞ্চে বসা একটা বিশাল হলে,

হুড়মুড়িয়ে অনেক মানুষ ঢুকল দলে দলে।

বেশ কয়েক জন নারী-পুরুষ বলল আমায়—সেলাম,

তোমার মানস-সন্তানেরা এই তো চলে এলাম।

বাতাস আমার কানে কানে বলল চুপি চুপি,

কেউ বা ওরা ভোটের কেন্দ্রে করেছে কারচুপি।

ঋণখেলাপি খায় জেলাপি গরম গরম বেশ,

হেসে বলে ধন্য তোমায় সোনার বাংলাদেশ।

অন্য লোকের অধিকারে বসায় ওরা থাবা,

হায় রে ওসব স্বৈরাচারী আমায় ডাকে বাবা।

হরহামেশা বলে ওরা—চাই গো ডেমোক্রেসি,

আসলে সব বাঁশবাগানের গোমড়া পেঁচাপেঁচি।

ওদের মধ্যে আর থাকিনি—পালিয়ে এলাম বনে,

আমার আসন কোথায় আছে—ভাবছি মনে মনে।