বিশ্বকাপে অভিষেকের অপেক্ষায় হ্যান্ডসকম্ব

আপডেট : ১০ জুলাই ২০১৯, ২১:৪৪

স্পোর্টস রিপোর্টার, ইংল্যান্ড থেকে

বিশ্বকাপে অভিষিক্ত হচ্ছেন পিটার হ্যান্ডসকম্ব। আজ এজবাস্টনে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে দুই চির প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। এই ম্যাচ দিয়েই অস্ট্রেলিয়ার হয়ে মাঠে নামবেন ২৮ বছর বয়সী এই টপ অর্ডার ব্যাটসম্যান ও উইকেট কিপার। অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার বিষয়টি নিশ্চিত করেছেন।

গত সপ্তাহে নেটে ব্যাট করতে গিয়ে হাত ভেঙে বিশ্বকাপ থেকে ছিটকে যান শন মার্শ। তাঁর বদলে অস্ট্রেলিয়া ডেকে পাঠায় হ্যান্ডসকম্বকে। এ বছর ভারত আর পাকিস্তানের বিরুদ্ধে প্রচুর রান করা সত্ত্বেও বিশ্বকাপের চূড়ান্ত দলে জায়গা হয়নি হ্যান্ডসকম্বের। ল্যাঙ্গার বলেন, ‘সত্যি কথা বলতে এটা ওর প্রাপ্য ছিল। এই বছর ও যা ব্যাট করেছে, তাতে ১৫ জনের দলে ওর সুযোগ না পাওয়াটা ছিল বেশ দুর্ভাগ্যজনক। ভালো ফর্মে আছে পিটার। অস্ট্রেলিয়া ‘এ’-র হয়ে রান করে চলেছে ক’দিন ধরেই। মিডল অর্ডারে এখন ওর মতো কাউকে দরকার আমাদের।’

চোট সারিয়ে দলে ফিরছেন মার্কাস স্টয়নিসও। মঙ্গলবার এজব্যাস্টনে নেটেও দেখা যায় এই অলরাউন্ডারকে। ল্যাঙ্গার বলেন, ‘দেখেতো মনে হচ্ছে সেরে উঠেছে ও। নেটে ভালই খেলল। খুব লড়াকুতো, দেখবেন মাঠে ঠিক প্রাণ দিয়ে খেলবে।’ হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছেন খোয়াজাও। তাঁর জায়গায় আসছেন ম্যাথু ওয়েড। অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে এখন ইংল্যান্ডেই খেলছেন ওয়েড। গত চারটি লিস্ট এ ম্যাচে তাঁর স্কোর ১১৭, ১৫৫, ৪১ আর ৫২।