জাফরের ব্যাটিং ক্লাসে ১৮ যুবা

আপডেট : ১০ জুলাই ২০১৯, ২১:৪৭

জাতীয় দলের বাইরে অন্তত ৩০ ক্রিকেটার এখন খেলার মাঝেই আছেন। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ১৫ জন, ভারতে বিসিবি একাদশের হয়ে আরো ১৫ জন ক্রিকেটার খেলছেন। বিসিবির গেম ডেভলপমেন্ট বিভাগের ব্যাটিং কোচ ওয়াসিম জাফর অবশ্য এই ফাঁকা সময়ে বসে নেই। ইয়ুথ ক্রিকেট লিগ থেকে বাছাই করা ১৮ ক্রিকেটারকে নিয়ে বিসিবি একাডেমিতে পরিচালনা করছেন ক্যাম্প।

অনূর্ধ্ব-১৭, ১৮ পর্যায় থেকে বাছাই করা ক্রিকেটারদের বেশিরভাগই ব্যাটসম্যান। ১২ জন ব্যাটসম্যানের সঙ্গে ৬ জন বোলার। গত ৮ জুলাই বিসিবি একাডেমি মাঠে শুরু হয়েছে এই বিশেষ ক্যাম্প। যুবা ব্যাটসম্যানদের নিয়ে কাজ করছেন তিনি। ১০ দিনের ক্যাম্পটা শেষ হবে আগামী ১৮ জুলাই। এসব যুবাকে নিয়ে বেশ আশাবাদী ওয়াসিম জাফর। ব্যাটিংয়ের টেকনিক, স্টান্স, গ্রিপ থেকে শুরু করে মৌলিক বিষয়গুলো নিয়েও কাজ করছেন তিনি। গতকাল সাবেক এই ভারতীয় ক্রিকেটার বলেছেন, ক্যারিয়ারের প্রাথমিক পর্যায়ে থাকা এসব ব্যাটসম্যানের সঙ্গে কাজ করাটা উপভোগ করছেন।