আজও ভুটানকে হারাতে চায় বাংলাদেশ 

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৩১

ফিফা প্রীতি ম্যাচে ভুটানকে হারিয়ে বাংলাদেশ দল বেশ কিছু জায়গায় আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। থিম্পুর পরিবেশ, আবহাওয়া, অনেক দিন ম্যাচ না খেলার দূরত্ব, চ্যাংলিমিথাংয়ের মাঠে ২০১৬ সালে হারের শঙ্কা, আরও কত কি নিয়ে দুর্ভাবনা ছিল। প্রথম ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়ে অনেক কিছুই কাটিয়ে উঠেছেন ফুটবলাররা।

আত্মবিশ্বাস পাচ্ছেন জামাল, তপু, শেখ মোরসালিন, রহমত মিয়া, গোরলরক্ষক মিতুল মারমা, শাহরিয়ার ইমনরা। প্রথম জয়টা অনেক দূর এগিয়ে দিয়েছে ফুটবল দলকে। অধিনায়ক জামাল ভূঁইয়া প্রথম জয় নিয়ে বলেছেন, 'আমাদের ফিফটি পারসেন্ট কাজ হয়েছে। বাকি আছে আরও ফিফটি পারসেন্ট। আজ ভুটানকে হারালে সেটি পূর্ণ হতে পারে।' 

বাংলাদেশ-ভুটান শেষ ম্যাচ আজ সন্ধ্যা ৬টায় শুরু হবে। জামাল অবশ্য ম্যাচ না জিতলেও মনে করছেন ড্র হলেও তারা খুশি। গোল খাব না-এমন একটা লক্ষ্য নিয়ে তারা আজকে মাঠে নামবেন। গোল খাব না-যদি এমনটাই হয় তাহলে ধরে নেওয়া যেতে পারে, ড্র হলেও বাংলাদেশ খুশি। জামালের কথা হচ্ছে প্রথম ম্যাচে ১-০ গোলে জিতলেও ভুটান কিন্তু কয়েক বার গোলের সুযোগ পেয়েছিল। গোল পায়নি। 'ওরা অনেক প্রেসার দিয়েছিল। গোলের জন্য মরিয়া হয়ে উঠেছিল। আমরা ৩ পয়েন্ট পেয়েছি। আরও ৩ পয়েন্ট চাই যেন বাংলাদেশে ফিরলে আমরা আরও হ্যাপি থাকতে পারব, বললেন জামাল। 

প্রথম খেলায় ৬ মিনিটে গোল পায় বাংলাদেশ। ১-০ গোলের জয়টা ঝুঁকিপূর্ণই ছিল। ভুটান তাদের মাঠে খেলেও গোল শোধ করতে না পারলেও যে কোনো মুহূর্তে গোল হতেও পারত। জামালদের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের কাবরেরা সেটাই নোট করে নিয়েছেন। শুরুতে গোল পেয়ে খুশি হলেও ম্যাচের অবশিষ্ট ৮৪ মিনিট ডাগ আউটে স্থির থাকতে পারেননি কোচ। কখন গোল হজম করে ফেলে এ নিয়ে টেনশন ছিল। এ কারণে সেই ম্যাচের পর থেকে পরিকল্পনা করছেন কোচ গোল খাওয়া যাবে না, ব্লক করতে হবে। পালটা আক্রমণ সামাল দেওয়ার কৌশল নিয়ে কাজ করেছেন।

 

আর অন্যদিকে আক্রমণভাগ নিয়ে কাজ করতে দেখা গেছে ভুটান থেকে বাফুফের পাঠানো ভিডিওতে। সহকারী কোচ হাসান আল মামুন প্রথম ম্যাচের অভিজ্ঞতা বলতে গিয়ে নতুন ভুটানকে দেখেছেন বলে জানান। মামুন বললেন, 'ভুটান এবার যে ফরমেশনে খেলেছে অতীতে এভাবে খেলতে দেখা যায়নি। আমরা ম্যাচ দেখেছি। সেখান থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি কীভাবে কাউন্টারে কাজ করব। প্রেসিং করব। আক্রমণ ঠেকাব। প্রথম ম্যাচের অনেক সমস্যা ছিল এখন সেগুলো কাটিয়ে উঠেছি।' 

প্রথম খেলায় রাইট উইংগার রাকিব হোসেনের ক্রসের বল ভুটানের গোলরক্ষক ধরতে পারেননি। ফসকে বেরিয়ে যায়। সেটাই গোলের পরিণত করেছিলেন মোরসালিন। সেই ম্যাচে ব্যথা পেয়েছিলেন রাকিব। অ্যাঙ্কেলে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল। গতকাল সর্বশেষ অবস্থা জানতে রাকিবকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এক্সরে করানো হয়েছে, এমআরআই করানোর পর রিপোর্ট দেখে সিদ্ধান্ত হয়েছে আজকের ম্যাচে তিনি খেলতে পারবেন না। 

প্রথম ম্যাচে জামাল ভূঁইয়ার পরিবর্তে ভারপ্রাপ্ত অধিনায়ক ছিলেন ডিফেন্ডার তপু বর্মন। রাকিব না খেললেও তাদের শক্তি পূর্ণ করার পরিকল্পনা রয়েছে কোচের। তপু জানিয়েছেন, ভুটানে আসার আগে সব সমস্যা ছিল, বিশেষ করে উচ্চতা, ঠাণ্ডা, অনেক দিন না খেলাসহ যেসব সমস্যা ছিল সেগুলো এখন অনেকটাই কাটিয়ে উঠতে পেরেছি। সাত দিন আগে আসায় মানিয়ে নেওয়ার সুযোগ হয়েছে। আমরা যেহেতু প্রথম ম্যাচ জিতেছি। তাই আজকেও ম্যাচ জয়ের টার্গেট করে মাঠে নামব।' 

ইত্তেফাক/জেডএইচ