স্পোর্টস ডেস্ক
আর্জেন্টিনায় গৃহহীন মানুষের সংখ্যা নেহায়েত কম নয়। নিয়মিত ক্ষুধা-তৃষ্ণাকে সঙ্গী করে চলা এই মানুষের পাশে এবার এসে দাঁড়িয়েছেন দেশটির ফুটবল তারকা লিওনেল মেসি।
তবে কৃতিত্বটা শুধু মেসিকেই দিতে হয়তো তার পরিবার কিছুটা মন খারাপ করে বসতে পারে। কেননা ক্ষুধার্তদের পাশে এসে দাঁড়ানো রেস্তোরাঁটি মূলত আর্জেন্টাইন অধিনায়কের পারিবারিক রেস্তোরাঁ। গত শুক্রবার থেকে ‘ভিআইপি’ নামের রেস্তোরাঁটি গৃহহীনদের মাঝে বিনামূল্যে গরম খাবার দানের উদ্যোগ নিয়েছে।
রেস্তোরাঁটির ব্যবস্থাপক অ্যারিয়েল আলমেইদা জানান, শুধু গরম খাবারই নয়, কফি, কোমল পানীয়ও প্রদান করছেন তারা। তিনি বলেন, ‘আমরা কফি, কোমল পানীয় এবং ওয়াইনও দিচ্ছি সবাইকে। অনেক মানুষ এখানে আসছে এবং অনেক সম্মান দেখাচ্ছে।’
তবে এই সুযোগটি সীমিত সময়ের জন্যই চালু রাখবে প্রতিষ্ঠানটি। আলমেইদা বলেন, ‘আমরা এই উদ্যোগটি ১৫ দিনের জন্য চালু রাখবো। প্রতিদিন রাত সাতটা থেকে নয়টা পর্যন্ত এই সুযোগটি গ্রহণ করা যাবে।’
