আম-জনতার দাবি শুনবে ‘জনগণ’

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২১:১৯

জনগণের দাবি-দাওয়া সংশ্লিষ্টিদের কাছে পৌঁছে দিতে এবং এর যথাযথ সমাধান নাগরিকদের জানাতে যাত্রা শুরু করেছে অনলাইন প্লাটফর্ম 'জনগণ'। বয়স-পেশা নির্বিশেষে সাধারণ জনগণকে নিয়ে বানানো হয়েছে প্লাটফর্মটি।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার পতনের পর থেকেই সামনে আসতে শুরু করেছে নানা দাবি। সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে সংস্কারে কর্মকর্তা থেকে শুরু করে চাকরি জাতীয়করণের জন্য আনসার এমনকি শিক্ষার্থীরাও নানা দাবিতে সড়কে নামছেন।

এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের চাওয়া-পাওয়ার বিষয়গুলো নিয়ে কাজ করছে জনগণ। এই প্লাটফর্মে একজন নাগরিক সহজেই তার দাবি তুলে ধরতে পারবেন। সেই দাবি যৌক্তিক হলে অন্যরা এতে ভোট দিতে পারবেন। সর্বাধিক ভোটপ্রাপ্ত দাবিগুলো সঠিক উপায়ে সংশ্লিষ্টদের কাছে পৌঁছে দেবেন একদল আইনজীবী। পাশাপাশি এসব দাবির বিষয়ে নাগরিকরা তাদের কাঙ্ক্ষিত জবাবও পাবেন এ প্লাটফর্ম থেকে।

আম-জনতার যৌক্তিক দাবি সংশ্লিষ্টদের কাছে পৌঁছানো ও জনগণকে তাদের উত্থাপিত দাবি সম্পর্কে জানানোই এই প্ল্যাটফর্মের মুল উদ্দেশ্য। এই উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্টরা বিশ্বাস করেন, দেশ সংস্কারের জন্য ছাত্র-জনতার দেওয়া রক্ত বৃথা যেতে পারে না এবং পরিবর্তনের সেই পথকে আরও সহজ করবে জনগণ প্ল্যাটফর্মটি।

ইত্তেফাক/জেডএইচডি