দ্বিতীয় সেমিফাইনাল আজ

মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বি অস্ট্রেলিয়া-ইংল্যান্ড

আপডেট : ১০ জুলাই ২০১৯, ২২:৩৮

বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। বার্মিংহামের এজবাস্টনে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায়।

বিশ্বকাপ শুরুর আগে ফেবারিট হিসেবে ইংল্যান্ডের পাশাপাশি ভারতের নাম বলা হচ্ছিল। তবে প্রস্তুতি ম্যাচ ও লিগ পর্যায়ে ইয়ন মর্গানদের দুই দফা কচুকাটা করার পর ইংল্যান্ডের পাশাপাশি অসিরাও ফেবারিটের তালিকায় যুক্ত হয়। লিগের সেই ম্যাচে ইংল্যান্ডকে ৬৪ রানে হারিয়েছিল অস্ট্রেলিয়া। এর আগে সাউদাম্পটনে প্রস্তুতি ম্যাচেও ইংল্যান্ডকে ১২ রানে হারিয়েছিল তারা।

ওডিআই খেলার অভিজ্ঞতায় ইংল্যান্ডের চেয়ে অনেক এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। অসিরা এ পর্যন্ত ৯৪২ ম্যাচ খেললেও ইংল্যান্ড খেলেছে ৭৪২টি। দুই দলের মুখোমুখি লড়াইয়ে অস্ট্রেলিয়া জিতেছে ৮২ ম্যাচ, ইংল্যান্ড ৬১টিতে। দুটি ম্যাচ টাই হয়েছে। তিনটিতে কোনো ফলাফল আসেনি। অস্ট্রেলিয়া এরই মধ্যে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হলেও ইংল্যান্ড কখনো শিরোপার স্বাদ পায়নি।

এই বিশ্বকাপে মোটামুটি সফল হলেও ধারাবাহিক আধিপত্য বজায় রাখতে পারেনি ইংল্যান্ড। বিশেষত রান তাড়া করতে গিয়ে বারবার সমস্যায় পড়েছে তারা। এ কারণে শ্রীলঙ্কার কাছে ২০ রানে হারতে হয়েছে তাদের। সাদা বলের ক্রিকেটে গত চার বছর স্বপ্নের মতো কেটেছে ইয়ন মর্গানের দলের। ঘরের মাঠে পরপর ১৭টা ম্যাচে রান তাড়া করে জেতার পর ঘরের মাঠে বিশ্বকাপে লিগের তিন খেলায় পরে ব্যাট করে হারে তারা। জেসন রয় আসার পর থেকে ইংল্যান্ডের ভোল পালটে গেছে। অস্ট্রেলিয়ার সঙ্গে হেরে যাওয়া ম্যাচে খেলেননি রয়। আজ তিনি ইংল্যান্ডের ভাগ্যের চাকা ঘোরাতে পারেন কি না সেটা দেখার অপেক্ষায় থাকবেন ইংলিশ সমর্থকরা।