রান খরায় সাকিব, যা বলছে বিসিবি  

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৭

অলরাউন্ডার সাকিব আল হাসান এখন বল হাতেই বেশি এগিয়ে। পাকিস্তানে ঐতিহাসিক সিরিজে জয়ে ব্যাট হাতে সেভাবে জ্বলে উঠতে না পারলেও বল হাতে ছিলেন বেশ আগ্রাসী। সাদা পোশাকে সাকিবের সেই আগ্রাসন চলছেই। ইংলিশ কাউন্টিতে সারের হয়ে একটি ম্যাচ খেলতে গিয়েছিলেন বাংলাদেশি এই ক্রিকেটার। আর সেখানেই বাজিমাত করেছেন তিনি। চার দিনের ম্যাচটিতে সমারসেটের বিপক্ষে তিনি তুলে নিয়েছেন ৯টি উইকেট। প্রথম ইনিংসে নিয়েছেন চার ও দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট। 

সাকিবের এই ফর্মই পুরো ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছে। ব্যাট হাতে প্রথম ইনিংসে ২৪ বলে ১২ রান করে সাজঘরে ফিরেছিলেন। দ্বিতীয় ইনিংসে বল হাতে গড়ে দেন পুরো ম্যাচের পার্থক্য। সবশেষ ২০২২ সালের মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে ৯৬ রানে ৫ উইকেট নিয়েছিলেন সাকিব। প্রায় ২৮ মাস পরে প্রথম শ্রেণির ক্রিকেটে আবারও ৫ উইকেট পেলেন তিনি। আর সেটিও ৯৬ রান দিয়ে। টনটনের দা কুপার অ্যাসোসিয়েট গ্রাউন্ডে দুই ইনিংসে ১৯৩ রান খরচায় পেয়েছেন ৯ উইকেট। 

এ দিকে সাকিবের ব্যাটে রান না থাকার বিষয়ে নির্বাচক হান্নান সরকার বলেছেন, 'সাকিব এখন ফর্মে নেই। তবে টেস্টে ফর্মে ফেরার সময় থাকে, টি-টোয়েন্টি বা ওয়ানডেতে সে সময়টা থাকে না। সেখানে রান করার তাগিদ থাকে, সময় কম থাকে। টেস্ট ক্রিকেটে আবার সে সময়টা থাকে। আমি বিশ্বাস করি, সাকিব যে মানের খেলোয়াড়, তার কাছে একটি ইনিংস শুধু সময়ের ব্যাপার। সাকিব যদি দলে থাকে, সেটা নিয়ে প্রতিপক্ষেরও একটা চিন্তা থাকে। দুই-চার-পাঁচ ইনিংস দেখে সাকিবকে কেউ মূল্যায়ন করে না। আমরাও তা করতে চাই না। সাকিব একজন অলরাউন্ডার। ওর ফর্মে ফেরা শুধুই একটা ইনিংসের ব্যাপার।'

ইত্তেফাক/জেডএইচ