লাইফ সাপোর্টে থাকা জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদের সর্বশেষ অবস্থা সম্পর্কে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি সিএমইএচে তাকে দেখতে যান। এ সময় চিকিত্সকরা ডাকলে এরশাদ চোখ মেলার চেষ্টা করেছেন। কিডনি পুরোপুরি কাজ না করায় হেমো ডায়া ফিল্টারেশনের মাধ্যমে তার রক্তের বর্জ্য বের করা হচ্ছে এবং হেমো ডায়া পারফিউশনের মাধ্যমে সংক্রমণ নিয়ন্ত্রণের চেষ্টা হচ্ছে। গতকাল দুপুরে বনানীতে জাপার কার্যালয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সিএমএইচের চিকিত্সকদের উদ্ধৃতি দিয়ে এরশাদের সহোদর এসব কথা জানান।
জি এম কাদের জানান, এরশাদকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। গত তিন-চার দিন তার অবস্থা সার্বিকভাবে অপরিবর্তিত। কোনো ক্ষেত্রে উন্নতি, আবার কোনো ক্ষেত্রে অবনতি হয়েছে। চিকিত্সকরা আশা করছেন, এভাবে সাত-আট দিন অবস্থা অপরিবর্তিত থাকলে ধীরে ধীরে উন্নতি হতে পারে। এরশাদের ছেলে এরিককে হুমকির অভিযোগে থানায় জিডির বিষয়ে জি এম কাদের বলেন, এ বিষয়ে তিনি মন্তব্য করতে চান না।
