রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে আবুল (১৫) নামে এক কিশোরের ডান পা বিচ্ছিন্ন হয়ে গেছে। গতকাল বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিত্সকরা জানিয়েছেন, প্রচুর রক্তক্ষরণে দুর্বল হয়ে পড়ায় সে শঙ্কামুক্ত নয়।
ঢাকা রেলপথ থানার (জিআরপি) ওসির দায়িত্বে থাকা এসআই রুশো বণিক বলেন, ট্রেন থেকে আলাদা করা একটি ইঞ্জিন অন্যত্র নিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। আগে থেকে রেললাইনে থাকা ঐ কিশোর সময়মতো সরে না যাওয়ায় ইঞ্জিনের চাকার নিচে তার পা চলে যায়। আহত অবস্থায় উদ্ধার করে আশপাশের লোকজন তাকে হাসপাতালে নিয়ে যায়।
আবুলকে উদ্ধার করা লাল মিয়া ঢামেক হাসপাতালে জানান, কমলাপুরের চার নম্বর প্লাটফর্ম থেকে তাকে উদ্ধার করা হয়। কীভাবে দুর্ঘটনাটি ঘটে তা জানার সুযোগ হয়নি। তবে সে ট্রেনের ছাদ থেকে পড়ে যায় বলে দাবি করেছেন কেউ কেউ। আহত ছেলেটি ‘টোকাই’ হিসেবে কাজ করে। তার স্বজনদের কাউকে তাত্ক্ষণিকভাবে পাওয়া যায়নি।
