শ্রমিকদের বিক্ষোভের মুখে নাটোরের প্রাণ এগ্রো কোম্পানির কারখানা ৫ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত নাটোর প্রাণ এগ্রো কোম্পানি বন্ধ ঘোষণা করা হয়।
জানা গেছে, বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে নাটোর একডালা এলাকায় অবস্থিত প্রাণ এগ্রো কারখানায় শ্রমিকরা বেতন বৃদ্ধিসহ অর্থনৈতিক বৈষম্য দূর করার দাবিতে বিক্ষোভ করেন। এর আগেও শ্রমিকরা তাদের বেতন বৃদ্ধি, অর্থনৈতিক বৈষম্য দূরসহ কর্তৃপক্ষের কাছে ১৩ দফা দাবি করেন। তবে এ দাবির প্রেক্ষিতে কর্তৃপক্ষ কয়েকটি দাবি মেনে নিলেও শ্রমিকরা সব দাবি আদায়ে বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর পুনরায় আবার বিক্ষোভ শুরু করেন।
এর আগে, বৃহস্পতিবার সকাল থেকে শ্রমিকেরা আবারও কারখানায় বিক্ষোভ শুরু করেন। এ সময় শ্রমিকরা কারখানার জেনারেল ম্যানেজার (জিএম) হযরত আলীকে তার অফিসে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে নাটোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক (ডিসি) মাছুদুর রহমান ও পুলিশ সুপার মারুফাত হোসাইন কারখানায় এসে শ্রমিক ও কর্তৃপক্ষের সঙ্গে সমস্যা নিরসনে আলোচনা করেন। পরে সেনাবাহিনীর সদস্যরা জেনারেল ম্যানেজার হযরত আলীকে রাতে কারখানা থেকে উদ্ধার করে বাসায় পৌঁছে দেন।
কারখানার নারী শ্রমিক পারভীন বেগম বলেন, পরিশ্রম অনুযায়ী আমাদের বেতন কম দেয় কোম্পানি। বছরে বেতন বাড়ানোর কথা থাকলেও তা বাড়ানো হয় না। পেটের দায়ে বাধ্য হয়ে আমরা কাজ করি। আমাদের সব দিক থেকে ঠকানো হয়। তাই আমরা শ্রমিকরা বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবি আদায়ে বিক্ষোভ করেছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।
নাটোরের জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মাছুদুর রহমান বলেন, গতকাল ঘটনাস্থলে আমি, পুলিশ সুপার ও সেনাবাহিনীর টিম কারখানায় গিয়েছিলাম। সেখানে কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আজ থেকে বন্ধ রয়েছে কারখানাটি। শ্রমিকদের দাবি আদায়ে মালিকপক্ষ আলোচনা করছেন।
