পর্যটন খাতকে জনপ্রিয় করে তুলতে পুরোনো ভিসানীতিতে ফিরলো শ্রীলঙ্কা। দেশটির শীর্ষ আদালত ভারতীয় কনসোর্টিয়ামের মাধ্যমে ভিসা দেওয়ার প্রক্রিয়া স্থগিত করেছে। এর মধ্য দিয়ে আগের অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ভিসার জন্য আবেদন করতে পারবেন বিদেশি পর্যটকেরা।
শ্রীলঙ্কার নবনির্বাচিত প্রেসিডেন্ট অনুরা কুমার দিসানায়েকের সরকার সম্প্রতি এ তথ্য জানিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আর্থিক সংকট থেকে বেরিয়ে আসায় মূল পর্যটন খাতকে এগিয়ে নিতে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
আগের চুক্তি অনুযায়ী ভারতভিত্তিক প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবালের নেওয়া ২৫ ডলার পরিশোধ না করেই পর্যটকরা এখন অনলাইনে ভিসার আবেদন করতে পারবেন। ভারতের সঙ্গে এই চুক্তি আগের সরকার করেছিল।
মানবাধিকারকর্মীরা আদালতে অভিযোগ করেছিলেন, চুক্তিটি স্বচ্ছভাবে করা হয়নি। এর মধ্যমে ভারতভিত্তিক কনসোর্টিয়ামটি ১৬ বছরের সময়কালে ২.৭৫ বিলিয়ন ডলার আয় করেছে।
এক বিবৃতিতে প্রেসিডেন্টের কার্যালয় থেকে বলা হয়, ভিএফএস গ্লোবালের ভিসা সুবিধা অনেকের জন্য সমস্যার সৃষ্টি করেছে। আমরা ভিএফএস গ্লোবালের সঙ্গে সংশ্লিষ্ট অনিয়মের তদন্ত শুরু করেছি। যে কোনো অসঙ্গতি পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ভারতীয় কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি অনুযায়ী, শ্রীলঙ্কায় প্রবেশকারী যে কোনো বিদেশিকে ২৫ ডলার ভিসা প্রসেসিং ফি দিতে হতো। এমনকি যেসব দেশের সঙ্গে শ্রীলঙ্কার ভিসামুক্ত ভ্রমণের ব্যবস্থা রয়েছে, সেসব দেশের নাগরিকদেরও ভিসা প্রসেসিং ফি দিতে হতো।
