ইরানের জনগণকে নেতানিয়াহুর ‘উসকানিমূলক বার্তা’

আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ১৯:৫৩

লেবাননে ইসরায়েলি হামলায় অস্থিরতার মধ্যেই এবার ইরানি জণগণকে উদ্দেশ্য করে উসকানিমূলক এক ভিডিও বার্তা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খবর টাইমস অব ইসর‍্যেলের।

ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেছেন, আমি ইরানের নেতাদের নিয়ে অনেক কথা বলি। কিন্তু এই গুরুত্বপূর্ণ মুহূর্তে, আমি ইরানের জনগণের উদ্দেশ্যে কিছু বলতে চাই। আমি এটা সরাসরি বলতে চাই, কোনো ফিল্টার বা মিডলম্যান ছাড়া।

ইরানি জণগণকে উদ্দেশ্য করে তিনি বলেন, প্রতিদিন আপনারা এমন একটি শাসনব্যবস্থা দেখেন, যারা আপনাদের অধীনস্ত করে রেখেছে। তারা লেবানন ও গাজাকে রক্ষা করতে জ্বালাময়ী বক্তৃতা দেয়। অথচ সেই শাসনব্যবস্থাই প্রতিদিন আমাদের এই অঞ্চলকে যুদ্ধের আরও গভীরে নিয়ে যাচ্ছে।

নেতানিয়াহু বলেন, মধ্যপ্রাচ্যের যে কোনো জায়গায় হামলা চালানোর সক্ষমতা আছে ইসরায়েলের। আমাদের দেশ ও জনগণকে রক্ষায় যেখানে যাওয়া দরকার, আমরা সেখানেই যাব। প্রতি মুহূর্তে, পারস্যের মহান জনগণকে নরকের অতলে নিয়ে যাচ্ছে তাদের এই শাসনব্যবস্থা।

নেতানিয়াহু বলেন, ইরানের অধিকাংশ মানুষই জানেন এই শাসনব্যবস্থা তাদের নিয়ে মোটেও ভাবে না। যদি তারা সত্যিই আপনাদের কথা ভাবত, তাহলে তারা মধ্যপ্রাচ্যে যুদ্ধ বাঁধিয়ে রাখতে কোটি কোটি টাকা খরচ করত না। এর পরিবর্তে তারা আপনাদের জীবনমান উন্নয়নের চেষ্টা করত।

তিনি আরও বলেন, যখন ইরান সত্যিকার অর্থে মুক্ত হবে, সেই সময়টা মানুষের ভাবনার অনেক আগেই আসবে। কোনো কিছুই আর আগের মতো থাকবে না। আমাদের প্রাচীন ইহুদি ও পারস্য সম্প্রদায়ের মানুষ অবশেষে শান্তি খুঁজে পাবে। আমাদের দুই দেশ ইরান ও ইসরায়েল, শান্তি খুঁজে পাবে।

নেতানিয়াহু বলেন, যখন সেই দিন আসবে, এই শাসকরা দেউলিয়া হবে, ভেঙে চুরমার হবে। ইরানের এমন উন্নয়ন ঘটবে যা আগে কখনো ঘটেনি। ইরানের বর্তমান সমাজে থাকা মেধার মাধ্যমেই বৈশ্বিক বিনিয়োগ, পর্যটনের ব্যাপক বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন ঘটবে।

নেতানিয়াহু বলেন, আমি জানি আপনারা হামাস ও হিজবুল্লাহর খুনিদের সমর্থন করেন না। কিন্তু আপনাদের নেতারা করে। আপনাদের আরও ভালো কিছু পাওয়া উচিত। ইরানের জনগণের জানা উচিত, ইসরায়েল আপনাদের পাশে আছে। যে ভবিষ্যৎ হবে সমৃদ্ধি ও শান্তির।

ইত্তেফাক/এনএন