মাথা কাটার গুজব ছড়ানো চক্রের সদস্য আটক

আপডেট : ১১ জুলাই ২০১৯, ২২:০২

ভোলার চরফ্যাশন উপজেলা থেকে মাথা কাটার গুজব ছড়ানোর অভিযোগে আটক করা হয়েছে আবদুল শহিদ হাওলাদার (২৪) নামের যুবককে। গত বুধবার তাকে ভোলার চরফ্যাশন উপজেলার চরমাদ্রাজ থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে গুজব ছড়ানোর কাজে ব্যবহূত একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে। আটক আবদুল শহিদ হাওলাদার চরফ্যাশন উপজেলার চরমাদ্রাজ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা।

গতকাল বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে ভোলার  পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, দীর্ঘদিন ধরে আবদুল শহিদ হাওলাদার বিভিন্ন এলাকার মানুষকে ফোন করে এবং ফেসবুকে পোস্ট ম্যাসেঞ্জারের মাধ্যমে শিশুদের মাথা কেটে নেওয়া হচ্ছে। ছেলেধরারা শিশুদের ধরে নিয়ে যাচ্ছে, এমন গুজব ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করছিলেন। তিনি আরো বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গুজব ছড়ানোর কাজে ব্যবহূত স্মার্টফোনসহ তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দোষ স্বীকার করেছেন এবং এ কাজে তার সঙ্গে আরো দুজন রয়েছে বলে জানান। আপাতত তাদের নাম প্রকাশ করা যাবে না।

এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মীর মো. শাফিন আহমেদ, মো. রাসেলুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) মো. সাব্বির হোসেন, চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামসুল আরেফিন, ডিবি ওসি শহিদুল ইসলামসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।